রামকানাইয়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
একুশে পদক প্রাপ্ত লোক সংগীতজ্ঞ ও লোকসংগীত সংগ্রাহক পণ্ডিত রামকানাই দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার এক শোক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “রাম কানাই দাশের মৃত্যুতে দেশ এক গুণী ও বরেণ্য লোকসংগীতজ্ঞকে হারাল।”
রাষ্ট্রপতি পণ্ডিত রামকানাই দাশের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আইসিইউতে মারা যান রাম কানাই দাশ।
পণ্ডিত রামকানাই দাশের জন্ম ১৯৩৫ সালে, সুনামগঞ্জ জেলায়। লোকসংগীত সংগ্রহে অবদানের জন্য ২০১৪ সালে সরকার তাকে একুশে পদক ভূষিত করে।
রামকানাইয়ের বাবা রসিকলাল দাশ এবং মা দিব্যময়ী দাশও ছিলেন লোকসঙ্গীতের শিল্পী। গাওয়ার পাশাপাশি তিনি গান লিখছেন এবং সুর করেছেন। সেই সঙ্গে শিক্ষক হিসাবে বহু শিল্পী তৈরি করেছেন তিনি।
১৯৬৭ সাল থেকে সিলেট বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করে আসা রামকানাইয়ের গানের অ্যালবামগুলো হলো- ‘বন্ধুর বাঁশি বাজে’ (২০০৪); ‘সুরধ্বনির কিনারায়’ (২০০৫); ‘রাগাঞ্জলি’ (২০০৬); ‘অসময়ে ধরলাম পাড়ি’ (২০০৬) এবং ‘পাগলা মাঝি’ (২০১০)।
শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা নিয়ে ‘সরল সঙ্গীত শিক্ষা’ নামে একটি বইও লিখেছেন রামকানাই।
সংগীতে অবদানের জন্য একুশে পদক ছাড়াও ২০১২ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ‘ফেলোশিপ’ এবং ২০০০ সালে ‘রবীন্দ্র পদক’ পেয়েছেন তিনি।
