২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহলে সুন্নাতের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সমাধিক্ষেত্র সরিয়ে নেয়ার পরিকল্পনার খবর সৌদি আরব নাকচ করার পর ঢাকায় দেশটির দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি প্রত্যাহার করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 11:15 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

সুন্নি আদর্শের এই সংগঠনের সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সৌদি আরব সরকারের ব্যাখা চেয়েছিলাম। তারা ইতোমধ্যে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, মহানবীর রওজা সরিয়ে নেয়ার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত ও পদক্ষেপ নেই। বিষয়টি পত্র-পত্রিকার মাধ্যমে এবং সৌদি আরবে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি।”

বখতিয়ার বলেন, “যেহেতু তাদের কোনো ধরণের পদক্ষেপ নেই তাই আমরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। সংগঠনের জ্যেষ্ঠ নেতারা আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন।”

যুক্তরাজ্যের দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ও ডেইলি মেইল মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, মদিনায় মহানবীর (সা.) সমাধিক্ষেত্র ভেঙে তার দেহাবশেষ সরিয়ে নেয়ার একটি প্রস্তাব ‘মসজিদে নববী’ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

এরপর গত বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মহানবীর রওজা সরিয়ে নেয়ার বিষয়ে সৌদি সরকারের ব্যাখ্যা দাবি করে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয় আহলে সুন্নাত।

এ বিষয়ে সৌদি সরকারের সুনির্দিষ্ট বিবৃতি পাওয়া না গেলে রোববার ঢাকায় সৌদি আরবের দূতাবাস ঘেরাও করে স্মারকলিপি দেয়ারও ঘোষণা দেয়া হয়।

সৌদি আরবের দুটি পবিত্র মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষের মুখপাত্র আহমাদ মোহাম্মদ আল-মানসুরির বরাত দিয়ে শুক্রবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মহানবীর (সা.) রওজা সরিয়ে নেয়ার কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনা সৌদি সরকার নেয়নি। 

মোছাহেব উদ্দিন বখতিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিনা কারণে কোনো কর্মসূচি পালন করলে দেশের ভাবমূর্তি এবং সৌদি আরবে থাকা বাংলাদেশি কর্মীদের সমস্যা হতে পারে। বিষয়টি বিবেচনা করে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।”

গুরুত্বের দিক থেকে মুসলমানদের কেবলা কাবা শরিফের পরই মসজিদে নববীর স্থান। এখানেই রয়েছে মহানবীর (সা.) রওজা বা সমাধি।

প্রতিবছর হজের সময় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান স্থানটি জিয়ারত করেন। নিয়াম অনুযায়ী সৌদি আরবের বর্তমান বাদশা আবদুল্লাহ এর অভিভাবক।

পুরনো খবর:

রওজা ভেঙে সরিয়ে নেয়া হবে মহানবীকে!
সৌদি দূতাবাস ঘেরাওয়ের হুমকি আহলে সুন্নাতের
মহানবীর রওজা সরানোর পরিকল্পনার খবর ভিত্তিহীন: সৌদি আরব