রাবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।
সকালে ডিনস কমপ্লেক্সে বিএফডিএফ প্রধান নির্বাহী সদস্য আনন্দ শংকর রায় চৌধুরীরর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন, বিএফডিএফ এর উপদেষ্টা অধ্যাপক শাহ আজম শান্তনু ও রোকসানা বেগম।
বক্তরা বলেন, গণতন্ত্রের সুষ্ঠু বিকাশ ও সৃজনশীলতা চর্চায় বিতর্ক প্রতিযোগিতার ভূমিকা প্রশংসনীয়। সেই ধারাবাহিকতায় তরুণ প্রজন্ম বিতর্কের মাধ্যমে দেশের সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনায় যৌক্তিকতা খণ্ডন করে সমস্যা সমাধানের পথ বের করবে।
শনিবার চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।
প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ অংশগ্রহণ করছে।
