২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেহলামে বেবী মওদুদের আত্মার শান্তি কামনা

সাংবাদিক, লেখক, সাবেক সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 09:29 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

পুরনো খবর:

বেবী মওদুদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা
বেবী মওদুদের কুলখানি
বেবী মওদুদ আর নেই
বেবী মওদুদ: সৎ, সাহসী আর স্নেহময়ী একজন
দীর্ঘদিনের বন্ধুকে হারালাম: প্রধানমন্ত্রী

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে বেবী মওদুদের বাসায় তার চেহলাম অনুষ্ঠিত হয়।

বেশ কিছুদিন ক্যান্সারে ভুগে গত ২৫ জুলাই মারা যান বেবী মওদুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর হিসাবে দায়িত্ব পালন করে আসা এই সাংবাদিকের বয়স হয়েছিল ৬৬ বছর।

সংসদ সদস্য, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রয়াতের সহকর্মী ও স্বজনরা চেহলামে এসে বেবী মওদুদের আত্মার শান্তি কামনায় দোয়ায় অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী ও কাজী রোজী, বাংলা একাডেমীর মহাপরিচালক সামসুজ্জামান খান, অভিনেতা পীযূষ বন্দোপধ্যায়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ মাহবুব আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী আব্দুস সামাদ, নারী নেত্রী খুশি কবির এদিন বেবী মওদুদের বাসায় আসেন।

সাংবাদিকদের মধ্যে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, ফেডোরেল সাংবাদিক ইউনিয়নের নেতা আতাউর রহমান, আব্দুল মান্নান, বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক আতাউর রহমান, ডেইলি অবজারভারের মজিবুর রহমান বিশ্বাস।

চেহলামে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান বেবী মওদুদের ছেলে রবিউল হাসান অভী। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মনির হোসেন।

বেবী মওদুদ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ২৩ জুন, কলকাতায়। ১৯৬৭ সাল থেকে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছেন তিনি। লিখেছেন শিশু-কিশোরদের জন্যও।

প্রায় পাঁচ দশকের সাংবাদিকতা জীবনে বেবী মওদুদ বিবিসি, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রাসহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বঙ্গবন্ধুকে নিয়ে বইও রয়েছে তার।

নারী অধিকারের পক্ষে সোচ্চার বেবী মওদুদের কাজ রয়েছে প্রতিবন্ধীসহ সমাজের সুবিধাবঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে। এসব বিষয়েও কয়েকটি বই লিখেছেন তিনি।

আনুষ্ঠানিক নাম এ এন মাহফুজা খাতুন হলেও সবাই তাকে চিনতেন বেবী মওদুদ নামে। সহকর্মীদের কাছে তিনি ছিলেন প্রিয় ‘বেবী আপা’।