ভালো নেই নগরকান্দার মইফুল বিবি
মুক্তিযুদ্ধে স্বামীকে হারিয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগরের মইফুল বিবি। এরপরও মুক্তিবাহিনীকে নানাভাবে সাহায্য করেছিলেন তিনি। ৭৫ বছর বয়সী সেই মইফুল বিবি এখন ভালো করে চলাফেরা করতে পারেন না।
কয়েকবছর আগে হারিয়েছেন একমাত্র ছেলে জাফর মোল্যাকে। ছেলের রযেছে স্ত্রী ও চার সন্তান, যাদের খাবার জোটে না ঠিকমতো। একমুঠো ভাতের জন্য পাড়া-পড়শীদের দিকে চেয়ে থাকতে হয়।
এ বয়সেও তিনি কোনোদিন পাননি বিধবা কিংবা বয়স্ক ভাতা। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া স্বামীর সম্মানী ভাতাও পান না।
তাই স্বামী-সন্তান হারা এই বৃদ্ধার বুকে শুধুই সীমাহীন যন্ত্রণা।
মইফুল বিবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেখের বেটি একবার আমার বাড়ি আইছিল। সেইবার কত কিছু দিছিল। হেরপর থেইক্যা কয় বছর ভালাই ছিলাম। অহন যদি শেখের বেটি আমার নাতি-পুতিগোর লাইগ্যা কিছু কইরা দিত। তাইলে মইরাও শান্তি পাইতাম।”
অনেক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার আগ্রহের কথা বলেছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের কাছে। তারেক মাসুদ তার নির্মিত ‘মুক্তির গান’ ছবিতে মইফুল বিবি আক্ষেপের কথা তুলেও ধরেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুক্তির গান’ ছবিটি দেখে ২০০১ সালের ১৯ এপ্রিল ছুটে আসেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগরে মইফুলের ভাঙা বাড়িতে।
আর্থিক সাহায্যসহ বিভিন্ন সামগ্রী দেয়া হয় তাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মইফুল বিবি। সেই থেকে কিছুদিন ভালো থাকলেও ফের বিপর্যয় নেমে আসে তার জীবনে।
২০০৯ সালে একমাত্র সন্তান জাফর মোল্যা মারা যান স্ত্রী ও চার ছেলে-মেয়ে রেখে। ফলে একেবারেই ভেঙে পড়েন মইফুল বিবি।
স্বাধীনতা যুদ্ধের সময় পাকস্তানি বাহিনী ও এদেশীয় রাজাকারদের হাতে নিহত হয়েছিলেন মইফুল বিবির স্বামী জলিল মোল্যা। সেই সময় তাদের একমাত্র ছেলে জাফর মোল্যার বয়স এক বছর। ওই অবস্থায় মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করে গেছেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর স্বামী হত্যার বিচারের দাবিতে বিভিন্ন জনের কাছে ধর্ণা দিলেও কোনো কাজ হয়নি।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের নির্মিত মুক্তির গানের মাধ্যমে মইফুল বিবি মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত হয়ে পড়েন।
