২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইমচর উপজেলা নির্বাচনের দাবিতে মানববন্ধন

দ্বিতীয় বারের মতো বন্ধ হয়ে যাওয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে চাঁদপুরের হাইমর উপজেলার ভোটাররা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 03:54 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শুক্রবার বেলা ১২টায় উপজেলা সদরের আলগী বাজার এলাকায় 'ভোট বঞ্চিত হাইমচর বাসী'র ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।

এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির গাড়ির গতিরোধ করা হলে তিনি মানববন্ধনে অংশ নেয়া সবার সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

বিক্ষুব্ধ ভোটারদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, "নির্বাচন কমিশন যাতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে সে ব্যাপারে আমিও আপনাদের দাবির সঙ্গে একমত।"

"আমি চাই, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কিন্তু বার বার নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়া কারো কাম্য নয়।"

আগামী ৭ সেপ্টেম্বর হাইমচর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু নির্বাচন কমিশন গত ৩ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি হাইমচর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে বন্ধ থাকে।

দ্বিতীয়বারের মতো নির্বাচন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটাররা ক্ষোভ প্রকাশ করে দ্রুত ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।

হাইমচর উপজেলায় মোট ভোটার ৬৯ হাজার ৭৮০ জন।