২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাস বাড়ছে, মানও বাড়ছে: নাহিদ

পরীক্ষায় পাসের হার বাড়ার পাশাপাশি শিক্ষার মানও বেড়েছে বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 03:41 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান এবং সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “পরীক্ষার ফল বের হওয়ার পরে কি প্রশ্ন আসবে আমার জানা হয়ে গেছে। আমাদের অনেক জ্ঞানী শিক্ষক, যাদের পায়ে ধরে আমি সালাম করি; তারা বলেন, অনেক পাস করছে, কিন্তু গুণ কমে যাচ্ছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“কিন্তু আমি বলি গুণ কমে যাচ্ছে- যারা এ কথাটি বলছেন তারা ঠিক করছেন না। গুণ বেড়েছে, যে গুণ হওয়া উচিত; যে মান হওয়া উচিৎ; সে মান আমরা অর্জন করতে পারিনি। আমরা সে পর্যায়ে পৌঁছুতে পারিনি। তবে আগের তুলনায় মান প্রতি বছর বাড়ছে।”

গত উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে অবস্থান ধর্মঘট ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তার সর্বশেষ কলামেও এ বিষয়টি তুলে ধরেছেন, যাতে শিক্ষার মান কমে যাওয়া এবং আশঙ্কাজনক হারে পাসের হার বাড়ার প্রসঙ্গ উঠে এসেছে।

অবশ্য ফাঁস’ হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে অনেকে ভাল ফল করেছেন বলে শিক্ষার্থীদের মধ্য থেকে অভিযোগ উঠলেও তা সরাসরি প্রত্যাখ্যান করে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার অনেক ভুল আছে; আমার অনেক ত্রুটি আছে; শোধরানোর জন্য আমাদেরকে বলেন, আমাদের চাপ দেন, আমাদের বুঝিয়ে দেন, দয়া করে আমাদের ছেলে মেয়েদের বলবেন না মান কমে গেছে। তারা হতাশ ও নিরুৎসাহিত হবে। তারা বলবে- পাস করেছি কিন্তু আগের মতো শিখিনি।”

উচ্চ শিক্ষায় ভর্তি হতে আগ্রহীদের আসনের সমস্যা নেই জানিয়ে মন্ত্রী বলেন, “অনেকে বলে এতো পাস করছে ভর্তি হবে কোথায়, উচ্চ শিক্ষা সব দেশে প্রতিযোগিতামূলক, সেখানে যারা টিকবে সেখানে তারা পড়বে।”

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৪ জনকে বৃত্তি দেয়া হয়, যাদের সবাই সাংবাদিকদের সন্তান। এছাড়া ১৮ ডিআরইউ’র সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।