২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কলেজছাত্রের চোখ তুলে নিল সন্ত্রাসীরা

বরিশাল বাবুগঞ্জ উপজেলায় এক কলেজ শিক্ষার্থীর দুই চোখ খুচিয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসী কয়েকজনের বিরুদ্ধে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 10:26 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের খরাতির খালের এঘটনায় গুরুতর আহত রাকিবুল হাসান রাকিব (২০) বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি উপজেলার বাহেরচর গ্রামের সেলিম হাওলাদারের ছেলে ।

চাঁদা না দেওয়ায় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তার ছেলের চোখ তুলে নিয়েছে বলে অভিযোগ করেছেন সেলিম।

সেলিম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর আড়াইটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে খরাতির খাল এলাকায় স্থানীয় সন্ত্রাসী গ্রামের বাকের মির্জার ছেলে মাসুদ, কেরানী মির্জার ছেলে কালাম ও কামালসহ ১০/১২ জনের একটি দল রাকিবের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে এবং ছুরি দিয়ে খুঁচিয়ে দুটি চোখই তুলে ফেলে।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা তার ছেলের চোখ তুলে নিয়েছে বলে দাবি করেছেন সেলিম।

তিনি বলেন, “৮ মাস আগে বাড়ি তৈরির করার সময় সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা আমার ছেলের চক্ষু উৎপাটন করেছে।”

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার ডা. মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (রাকিব) ডান চোখের ‘আইবল’ অর্থ্যাৎ চোখের সাদা অংশসহ মনি উঠিয়ে ফেলা হয়েছে। বাম চোখও উঠিয়ে ফেলা হয়েছে। তবে কিছু অংশ ঝুলে রয়েছে।”

উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চক্ষু উৎপাটনের কোনো ঘটনা ঘটেনি। দু’পক্ষের মারামারির সময় একজন চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে।”

এঘটনায় রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানান ওসি।