বিদ্যুৎ: সবচেয়ে বেশি বকেয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর কাছে ৮০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে, যার এক তৃতীয়াংশই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) কাছে পাওনা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এ তথ্য জানান।
চট্টগ্রামের সাংসদ এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা হয়েছে ৪০১ কোটি টাকা। আর আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর বকেয়া ৪০৫ কোটি টাকা।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) কাছে বিল বাবদ বিদ্যুৎ বিভাগের পাওনা হয়েছে ২৭৯ কোটি ৪৫ লাখ টাকা, যা মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি।
এরপরই রয়েছে গণপূর্ত মন্ত্রণালয়, যাদের বকেয়ার পরিমাণ ১১০ কোটি ২৬ লাখ টাকা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২০ কোটি ১১ লাখ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ১৭ কোটি ৯৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি রয়েছে বলে সংসদকে জানান প্রতিমন্ত্রী বিপু।
বকেয়া বিল আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সভা করা ছাড়াও ওইসব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিল বকেয়া রয়েছে এমন সংস্থার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে ২৩৫ কিলোমিটার গ্যাস লাইন ‘অবৈধ‘ হয়ে পড়েছে, যার মধ্যে ৭৮ কিলোমিটারের সংযোগ ইতোমধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে।
৪ বছরে সারাদেশে বিদ্যুৎ
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের পরিকল্পনা যেভাবে এগোচ্ছে তাতে আগামী চার বছরের মধ্যে সারাদেশে বিদ্যুৎ পৌঁছে দেয়া সম্ভব হবে।
এজন্য অতিরিক্ত বরাদ্দেরও প্রয়োজন হবে না বলে হুইপ আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নে জানান তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা গড়ে ৭ হাজার ৩০০ মেগাওয়াটের বেশি। গত ১৬ জুলাই প্রথমবারের মতো জাতীয় গ্রিডে সাত হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছরে মোট ৫৮টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়, যার মোট উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৪৮৩ মেগাওয়াট।
ইসরাফিল আলমের আরেক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, কোনো জরিপ না হওয়ায় গভীর সমুদ্রে তেল-গ্যাসের নতুন মজুদের কোনো তথ্য-উপাত্ত সরকারের কাছে নেই।
এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য জরিপের পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মিয়ানমারের সমুদ্রসীমা সংশ্লিষ্ট গভীর সমুদ্রের তিনটি ব্লকে উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) স্বাক্ষর প্রক্রিয়াধীন। অবশিষ্ট ব্লকগুলোতেও একই ব্যবস্থা নেয়া হবে।
