হাই কোর্টে তিন ধর্ষক-খুনির ফাঁসি বহাল
সিলেটে এক শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগে তিন আসামিকে দেয়া মৃত্যুদণ্ডের রায়ে অনুমোদন দিয়েছে হাই কোর্ট।
দুই আসামির আপিল খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি মো. আব্দুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের আদালত এই রায় দেয়।
রায়ে তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশে অনুমোদন দেয়া হয়।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এই তিন আসামি হলেন- সাদ আহমেদ, রুহুল আমিন ও আতিক। এদের মধ্যে সাদ ও রুহুল কারাগারে রয়েছেন।
মামলার নথিতে দেখা যায়, ২০০৬ সালের ২৮ নভেম্বর সিলেটের গোলাপগঞ্জের নলুয়া হাওড় এলাকার একটি কাশবনে ১২-১৩ বছরের একটি মেয়ের লাশ পাওয়া যায়। পরিচয় জানতে না পারায় আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফন করে।
গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক তাপস কুমার ওই ঘটনায় একটি দায়ের মামলা করেন। পরে তদন্তে মেয়েটির পরিচয় উদ্ধারের পাশাপাশি তিন আসামিকে চিহ্নিত করে পুলিশ।
তদন্তে দেখা যায়, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে কাশবনে লাশ ফেলে গিয়েছিল আসামিরা।
আসামিদের মধ্যে সাদ ও রুহুলকে ২০০৭ সালে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
পরে ওই বছরই সাদ ও রুহুলের সঙ্গে আতিকের বিরুদ্ধে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেয়া হয়।
পরে মামলাটি নিয়ে যাওয়া হয় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ২০০৯ সালে সেখানে তিন আসামির ফাঁসির আদেশ হয়।
মৃত্যুদণ্ডাদেশের অনুমতির জন্য মামলাটি হাই কোর্টে এলে কারাগারে থাকা দুই আসামি আপিল করেন। উভয় আবেদনের শুনানির পর হাই কোর্ট বৃহস্পতিবার রায় দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল ও সহকারি অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এসএম মুবিন।
