২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে চোরাই মোটরসাইকেলসহ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 05:38 PM

Updated : 25 Apr 2022, 04:38 PM

বৃহস্পতিবার ভোরে উপজেলার গোবিন্দপুর এলাকার হেলিপ্যাডের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কোটালীপাড়া উপজেলা লাটেঙ্গা গ্রামের শ্যামাপদ বিশ্বাসের ছেলে রেনুপদ বিশ্বাস (৩৫), সদরের হাসমত দাঁড়িয়ার ছেলে নুর আলম দাঁড়িয়া (৩০) ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিদ্যানন্দী গ্রামের আবদুল হকের ছেলে নুর মোহাম্মদ (২৮)।

মুকসুদপুর থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, বুধবার রাতে উপজেলার নারায়ণপুর গ্রামে একটি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে পুলিশ তা উদ্ধারে অভিযান শুরু করে। ভোরে ঢাকা-খুলনা মহাসড়কে তিন মোটরসাইকেল আরোহীকে সন্দেহ হলে  তাদের তাড়া করে পুলিশ। গোবিন্দপুর এলাকার হেলিপ্যাড়ের কাছে পৌঁছলে মোটরসাইকেল ফেলে দুজন পালিয়ে গেলেও একজনকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পাশের বাগান থেকে ওই দুজনকেও গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মকসুদপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।