রাজধানীতে পাঁচ ভুয়া চিকিৎসককে দণ্ড
রাজধানীর কারওয়ান বাজার সুপার সুপার মার্কেটে অভিযান চালিয়ে পাঁচ ভুয়া দন্ত্য চিকিৎসককে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কারওয়ান বাজারের ২ নম্বর ভবনের মার্কেটে এ অভিযান চালানো হয়।
দণ্ডিতরা হলেন-ইলিয়াস হোসেন, মো. আলাউদ্দীন, মো. হাসানুর রহমান, তোফাজ্জল হোসেন ও মো. আক্তার হোসেন।
তাদের প্রত্যেককে নয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে ম্যাজিস্ট্রেট আনোয়ার জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন ধরনের চিকিৎসা সনদ ও অ্যাকাডেমিক যোগ্যতা ছাড়াই এই পাঁচজন দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চারটি চেম্বার ভাড়া নিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন।
“জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের সাজা দিয়ে চেম্বারগুলো সিলগালা করে দেয়া হয়েছে।”
গোপন তথ্যের ভিত্তিতে ওই ভবনের মার্কেটে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব ২ এর উপ-পরিচালক দিদারুল আলম।
তিনি বলেন, ওই পাঁচ জন মানবিক বিভাগ থেকে পড়াশোনা করে দন্ত্য চিকিৎসক সেজে প্রতারণা করতেন।
অভিযানে অংশ নেয়া স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার তরপদার বলেন, দণ্ডিতদের কোন ধরনের চিকিৎসা সনদ ছিল না। তারা দিনের পর দিন নিজেদের যোগ্যতা গোপন করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
“এছাড়া চিকিৎসায় তারা যে সব যন্ত্রপাতি ব্যবহার করতেন তাও অস্বাস্থ্যকর ছিল। এতে রক্ত ও লালাবাহিত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল।”
