২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত সীমান্তে বিপুল স্বর্ণ উদ্ধার

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে পৃথক ঘটনায় ৩ কোটি রুপি মূল্যের অবৈধ সোনার বার এবং প্রায় ১৩ লাখ জাল রুপি আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 10:41 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় এসব চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটকও করা হয়েছে।

বিএসএফ-এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নদীয়া জেলার কল্যাণী এলাকার চেকপোস্টে বিএসএফের ৪০ ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে ১৩ কেজি ৩০০ গ্রাম ওজনের ৩ কোটি ৩০ লাখ রুপি মূল্যের অবৈধ স্বর্ণ উদ্ধার করে।

ওই কর্মকর্তা বলেন, “বাংলাদেশ থেকে স্বর্ণ চোরাচালান হচ্ছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই বিএসএফ সদস্যরা কল্যাণী-হরিদাসপুর সড়কে একটি মোটর সাইকেলের পেছনে ধাওয়া করে।

“কিন্তু আরোহী মোটরসাইকেলটি রেখেই পালিয়ে যান। এরপর মোটরসাইকেল তল্লাশি চালিয়ে এর সিটের নিচ থেকে ১১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”

উদ্ধারকৃত স্বর্ণ পেট্রাপোল বন্দরের শুল্ক কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে বলে বিএসএফের ওই কর্মকর্তা জানিয়েছেন।

ভারতের দক্ষিণবঙ্গের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চল থেকে বিএসএফের টহলরত সদস্যরা চলতি বছর ৭০ কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে। আর এসব স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

মঙ্গলবার পৃথক আরেকটি ঘটনায় বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের আমুদিয়া থেকে ৩০ লাখ রুপি মূল্যের ১ কেজি ১০০ গ্রাম ওজনের চোরাচালানকৃত স্বর্ণ উদ্ধার করে বিএসএফের ১৫২ ব্যাটালিয়ন।

এসময় বিএসএফ সদস্যরা চব্বিশ পরগণার অধিবাসী আরিজুল মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

এদিকে ওইদিনই গোপন সংবাদের ভিত্তিতে ১২৫ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা ১২ লাখ ৯৫ হাজার ৫০০ জাল রুপিসহ মুকুল মিয়া নামের এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করে।

৫০০ রুপির ব্যান্ডেল করে মিষ্টির প্যাকেটে ভরে জাল রুপি বহন করা হচ্ছিল।

এবছর বিএসএফের দক্ষিণ বঙ্গের ফ্রন্ট বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মোট ৫৩ লাখ ৪৩ হাজার ৫০০ কোটি জাল রুপি আটক করেছে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড অফ বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে ‘রিয়েল-টাইম’ গোয়েন্দা তথ্য আদান-প্রদানের মাধ্যমেই চোরাচালান রোধে এই সফল অভিযান চালানো সম্ভব হচ্ছে বলে মনে করেন বিএসএফের ওই কর্মকর্তা।