২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমনোযোগী সাংসদ

সংসদে কাজে মনোযোগ না দিয়ে গল্পে মশগুল থাকায় স্পিকারের ভৎর্সনা জুটেছে একজন আইন প্রণেতার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 10:37 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার সংসদে চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরীকে ‘সতর্ক’ করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

প্রশ্নত্তোরপর্ব শেষে ৭১ বিধিতে জরুরী জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের কথা ছিল সংসদ সদস্য নাভানা আক্তার, নজরুল ইসলাম ও রুহুল আমীনের।

নাভানার বক্তব্যের পর সংশ্লিষ্ট মন্ত্রী ওই বিষয়ে তার বিবৃতি দেন।

এরপর নজরুলকে তার বিষয়ে মনোযোগ আকর্ষণের আহ্বান জানিয়ে মাইক দেন ডেপুটি স্পিকার।

কিন্তু তখন নিজের বাম পাশের আসনে বসা অপর সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিনের সঙ্গে গল্প করছিলেন নজরুল। তাদের সামনে মাইক চালু থাকায় সেই গল্প অধিবেশনে কক্ষের সবাই শুনতে পান।

এসময় অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের এদিক-ওদিক তাকাতে দেখা যায়। কেউ কেউ হেসে ওঠেন। আধা মিনিট ধরে এমনটা চলার পরে নজরুলের আশপাশে থাকা সাংসদরা তাকে উচ্চস্বরে ডাকতে থাকেন। ‍কিছুটা হৈ চৈ-এরও  সৃষ্টি হয় অধিবেশন কক্ষে।

এরও কিছুক্ষণ পরে হতচকিত হয়ে উঠে দাঁড়ান নজরুল। কিন্তু কেন তাকে ফ্লোর দেয়া হয়েছে, তা তাৎক্ষণিক বুঝে উঠতেও সময় লাগে এই সংসদ সদস্যের।

ওই মুহূর্তে একজন সাংসদ নজরুলকে উদ্দেশে উচ্চস্বরে বলেন, “নোটিশ পড়েন, নোটিশ। আপনার ফাইলেও আছে।”

ফাইল থেকে নোটিশটি বের করে নজরুলের পড়া শেষ হলে ডেপুটি স্পিকার বলেন, “আপনি কিন্তু কিছুটা অমনোযোগী ছিলেন।”

মাগরিবের নামাজের বিরতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশন কক্ষে আর ফেরেননি। এই সময়ে অনেক সাংসদকেই নিজেদের মধ্যে গল্প করতে দেখা যায়।

রাত ৮টা ৫০ মিনিটে কয়েক জন সাংসদ অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে চাইলে প্রধান হুইপ আ স ম ফিরোজ এসে তাদের থামান। এসময় হুইপকে দু’হাত জোর করে বের না হওয়ার জন্য সংসদ সদস্যদের অনুরোধ করতে দেখা যায়।

রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখার সময় সংসদের সামনের সারিতে ২৯টি আসনের মধ্যে তিনজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বিরোধীদলের কোন সদস্যকে এসময় অধিবেশন কক্ষে দেখা যায়নি।

পুরনো খবর:

গল্পে মশগুল ছিলেন সংসদ সদস্যরা