২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার অপহৃত ২ ব্যবসায়ী জামালপুরে উদ্ধার

অপহৃত ঢাকার দুই সবজি ব্যবসায়ীকে জামালপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 10:18 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার কাউনিয়া চর এলাকা থেকে মো. শাহাবুল মোল্লা (৫০) ও আল-আমীনকে (৪৫) উদ্ধার করা হয়। তাদের বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়।

বুধবার রাতে জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিং-এ একথা জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকালে বেড়াতে যাওয়ার কথা বলে ঢাকার কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী মো. শাহাবুল মোল্লা ও আল-আমীনকে অপর ব্যবসায়ী বাবুর দোকানের কর্মচারী মালেক জামালপুরের ইসলামপুর নিয়ে আসে। 

পরে ওই দুই ব্যবসায়ীকে মালেক ও তার সঙ্গীরা আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃতের পরিবারের সদস্যরা বিষয়টি জামালপুরের পুলিশকে জানালে মোবাইল ফোনের সূত্র ধরে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।