আলীমের বিপক্ষের সাক্ষীর উপর হামলা
সদ্য প্রয়াত যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আলীমের বিপক্ষে সাক্ষ্য প্রদানকারী জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ চার জনের উপর জামায়াত-শিবিরের হামলার অভিযোগ উঠেছে।
জয়পুরহাটের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, বুধবার বিকালে কাদোয়া গ্রামে এ হামলায় আহতদের মধ্যে মোল্লা শামসুল আলম জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চালছে বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তাদের জেলা সহ-সভাপতি শামসুল ছাড়া হামলার শিকার বাকি তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এরা হলেন-শামসুলের গাড়ি চালক মন্টু মিয়া এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুল বারি দুদু ও আবু তাহের।
আওয়ামী লীগ নেতা সোলায়মান বলেন, বিকালে গ্রামের একটি স্কুল মাঠে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে সভা চলছিল। এ সময় অর্ধশতাধিক জামায়াত-শিবির কর্মী লাঠিসোটা নিয়ে হামলা চালায় এবং চারজনকে আহত করে। তারা শামসুলের গাড়িটিও ভাংচুর করে।
তিনি জানান, আহত শামসুল যুদ্ধাপরাধী আব্দুল আলীমের মামলার প্রধান সাক্ষী ছিলেন।
