গ্রামীণফোন-বিটিআরসির বিরুদ্ধে বিচারকের মামলা
অনুমতি না নিয়ে সংযোগের প্যাকেজ পরিবর্তনের অভিযোগ এনে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছেন কুমিল্লার এক বিচারক, যাতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসিকেও বিবাদী করা হয়েছে।
বুধবার কুমিল্লার দুটি আদালতে দেওয়ানি ও ফৌজদারি দুই ধারায় দুটি মামলা করেন জেলার ৪ নম্বর আমলি আদালতের হাকিম মুহাম্মদ সাজ্জাদ হোসেন।
বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদকে মামলায় বিবাদী করা হয়েছে।
সাজ্জাদের অভিযোগ, তার ব্যবহৃত গ্রামীণফোনের সংযোগের ‘নিশ্চিন্ত প্যাকেজ’ তার বিনা অনুমতিতে ও বিনা প্রস্তাবে ‘বিজনেস সলিউশন প্যাকেজ-৩’ এ পরিবর্তন করা হয়েছে।
ফৌজদারি মামলায় গ্রামীণফোনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই মামলাটি করা হয়েছে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে।
১০ লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ দাবি করে দেওয়ানি মামলাটিতে বিবেক সুদের সঙ্গে বিটিআরসি চেয়ারম্যান ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকেও বিবাদী করা হয়। এই মামলাটি হয়েছে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে।
হাকিম সাজ্জাদ হোসেন দেওয়ানি মামলার এজাহারে বলেছেন, ২০০৪ সালের ২৩ অগাস্ট প্রি-পেইড মোবাইল সংযোগটি কিনেছিলেন। সব সংযোগ নিবন্ধনে সরকারের আদেশের পর ২০০৭ সনের ১৩ ডিসেম্বর তিনি নিজের নামে তার নিবন্ধন করেন। গত ৭ মার্চ তিনি ‘নিশ্চিন্ত প্যাকেজ’ নেন।
কিন্তু গত ২৫ মার্চ তার বিনা অনুমতিতে ‘নিশ্চিন্ত প্যাকেজ’টি ‘বিজনেস সলিউশন প্যাকেজ-৩’ এ পরিবর্তন করা হয় বলে এই বিচারকের অভিযোগ।
তিনি দাবি করেন, এতে ফোন কল এবং এসএমএসে তার অতিরিক্ত ৬ হাজার টাকা প্রতারণামূলকভাবে কেটে নেয়া হয়।
