রাজশাহীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত লাভলু সরকার (৪০) উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং বাদুড়িয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
চারঘাট মডেল থানার ওসি খন্দকার গোলাম মোর্তুজা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শিশুতলা এলাকায় চারঘাট-বানেশ্বর সড়কে মোটরসাইকেলসহ রাস্তার উপর লাভলুকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ওসি বলেন, “সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে প্রথমে ধারণা করা হয়েছিল। কিন্তু বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে তার মাথার পেছন দিকে একটি গুলি পাওয়া যায়। তাতে নিশ্চিত হওয়া গেছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
“মোটরসাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে যাওয়ায় তার শরীরে ও মাথায় বেশ কিছু আঘাতে চিহ্ন রয়েছে। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত অবস্থায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে।”
