২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ‘পিটিয়ে হত্যা’

শরীয়তপুরের জাজিরায় রাজনৈতিক কোন্দলের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 05:54 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার সকালে উপজেলার সোনারদৌল গ্রামে এ ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত খাদিজা আক্তার ওই গ্রামের সিরাজ বয়াতির স্ত্রী।

খাদিজার পালক বাবা খোরশেদ কাজি বলেন, সিরাজ বয়াতির দ্বিতীয় স্ত্রী খাদিজা। রাজনৈতিক কারণে খাদিজার চাচাত মামা নুর হোসেন কাজির সঙ্গে বিরোধ চলছে সিরাজের। ২/৩ দিন আগে এ নিয়ে সিরাজের সঙ্গে নুর হোসেনের কথা কাটকাটি হয়। এক পর্যায়ে নুর হোসেনের সমর্থকরা সিরাজকে মারধর করে। পরে সিরাজ ও তার সমর্থকরা নুর হোসেনের বাড়ি-ঘর লুটপাট করে।

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় নুর হোসেনের বিরুদ্ধে খাদিজাকে বাদী হয়ে মামলা করতে বলে সিরাজ। খাদিজা এতে রাজি না হলে তাদের ঝগড়া হয়।

খোরশেদ বলেন, “এ ঘটনার জেরে সকালে সিরাজ ও তার সমর্থক আমির হোসেন মাদবরসহ ৫/৬ জন মিলে খাদিজাকে বেদম মারপিট করে। এ সময় অন্তঃসত্ত্বা খাদিজা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।”

এ ব্যাপারে  খাদিজার মামা ওসমান কাজি বলেন, “খাদিজা চাচাত মামা নুর হোসেন কাজির বিরুদ্ধে বাদী হয়ে মিথ্যা মামলা করতে রাজি না হওয়ায় স্বামী সিরাজ বয়াতি ও তার সমর্থক আমির হোসেন মাদবরসহ ৫/৬ জনে মিলে তাকে পিটিয়ে হত্যা করেছে।”

জাজিরা থানার ওসি আকরাম আলি মিয়া বলেন, স্বামী ও তার লোকজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।