সাভার তিতাস গ্যাস অফিস ঘেরাও
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ বাসা-বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সাভার তিতাস গ্যাস অফিস ঘেরাও করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপণন অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী টাকা জমা দিয়ে বৈধভাবে গ্যাস সংযোগ নিলেও জামগড়াসহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বেড়ে গেছে। যার ফলে তীব্র গ্যাস সংকট দেখা দিচ্ছে। গ্যাস সংকটের কারণে বাসা-বাড়িতে রান্না বন্ধ হয়ে যাওয়ায় প্রায় সময় শুকনো খাবার খেয়ে থাকতে হয় তাদের।
মানববন্ধন শেষে কয়েকশ’ এলাকাবাসী বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে কিছু সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কার্যালয় ঘেরাও করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
পরে আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবু জাফর সুলতান আহমেদ এর কাছে স্মারকলিপি দেয়।
জামগড়া এলাকার বাসিন্দা ও বিক্ষোভের নেতৃত্বদানকারী মিজান, আব্দুর রহমান, সরোয়ার হোসেনসহ আরো জানান, আশুলিয়ার জামগড়া, ভাদাইল, গাজিরচটসহ আশপাশ এলাকায় অবৈধ সংযোগ দেয়ার ফলে বৈধ সংযোগকারীরা গ্যাস পাচ্ছে না। একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী আন্দোলনে নেমেছে।
এলাকাবাসীর পক্ষে স্বারকলিপি জমা দেন রুমান ভূইয়া।
আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে গ্যাস সংকট সমাধান না হলে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের হুমকি দেন বিক্ষুব্ধরা।
এ প্রসঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবু জাফর সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় গ্যাসের এ সংকট দেখা দিয়েছে। সারা দেশে ৩৩শ’ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সেখানে উৎপাদন হচ্ছে ২৮শ’ মিলিয়ন ঘনফুট গ্যাস।
“সাভার-আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জে ১৪০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সেখানে পাওয়া যাচ্ছে মাত্র ১০২ মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে গ্যাস সংকটে পড়তে হচ্ছে গ্রাহকদের।”
অবৈধ সংযোগের বিষয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে। শিগগিরই গ্যাসের এ সংকট থেকে উত্তরণ সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন।
