২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা ট্রাস্টের সম্পত্তি উদ্ধারে সংসদীয় কমিটি

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বেদখল সম্পত্তি উদ্ধার ও তদারকির জন্য উপ-কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2014, 08:06 PM

Updated : 22 Aug 2022, 06:59 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নুরন্নবী চৌধুরীকে আহবায়ক করে ৩ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আশেক উল্লাহ রফিক ও স্বপন ভট্টাচার্য।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের গুলিস্তান শপিং কমপ্লেক্সের ৩৪৩টি দোকান অবৈধভাবে প্রভাবশালীরা দখল করে রেখেছে। ট্রাস্ট এসব দোকান থেকে কোনো ধরনের ভাড়া আদায় করতে পারছে না।

ভবন নির্মাণের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নির্মাতা প্রতিষ্ঠান ইস্টার্ন ইঞ্জিনিয়ার্সের সঙ্গে ট্রাস্টের বিরোধ চলছে। নির্মাতা প্রতিষ্ঠান ২০০১ সালে ২০তলা বিশিষ্ট গুলিস্তান কমপ্লেক্সের নির্মাণের কাজ শুরু করলেও এখন পর্যন্ত মাত্র ১২তলা ভবনের ভিত্তি করতে পেরেছে। অথচ কাজ শেষ করার কথা ছিল ২০০৬ সালে।

নির্মাতা প্রতিষ্ঠান আটতলা পর্যন্ত ৮৮৩টি দোকান বিভিন্ন ব্যক্তির কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ট্রাস্ট ৫৪০টি দোকানের ভাড়া পায়। বাকি ৩৪৩টি দোকান কাদের বরাদ্দ দেয়া হয়েছে, তা ট্রাস্ট জানে না।

এসব দোকানের কাছে ভাড়া বকেয়া রয়েছে এক কোটি ৫১ হাজার টাকা। আলাউদ্দিন নামের এক ব্যক্তি সমিতি করে এসব দোকান থেকে ভাড়া আদায় করছে। সমিতির সহযোগিতায় ভুয়া দলিল দিয়ে দোকানও বরাদ্দ দিচ্ছে বলে অভিযোগ ট্রাস্টের।

বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “নির্মাতা প্রতিষ্ঠান শপিং কমপ্লেক্স তৈরি না করে গুদাম তৈরি করেছে। সেখানে কোনোভাবে অগ্নিকাণ্ড ঘটলে প্রচুর প্রাণহানির আশঙ্কা রয়েছে।”

তিনি আরো বলেন, “দখলদারদের কাছ থেকে দোকান উদ্ধার করে যুগোপযোগী ভাড়া নির্ধারণের জন্য সংসদীয় উপকমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে।”

তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইকবালুর রহিম, আফছারুল আমীন, গোলাম দস্তগীর গাজী, নুরুন্নবী চৌধুরী অংশ নেন।