২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্যাজেট অ্যান্ড গিয়ারে’ অবৈধ মোবাইল সেট

রাজধানীর বনানী ও গুলশান অ্যাভিনিউয়ে ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের দুটি শো-রুমে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার অবৈধ মোবাইল সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2014, 08:02 PM

Updated : 22 Aug 2022, 06:59 PM

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার।

“গ্যাজেট অ্যান্ড গিয়ারের দুটি শো-রুমে অভিযান চালিয়ে ৪০৯টি অবৈধ মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।”

এগুলোর মধ্যে স্যামসাং, নকিয়া, সনি এক্সপেরিয়া,  ব্ল্যাকবেরি ও মটোরোলার মতো নামি ব্র্যান্ডের হ্যান্ডসেট রয়েছে বলে তিনি জানান। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন সংক্রান্ত কাগজপত্র ছাড়া এবং শুল্ক না দিয়েই চোরাই পথে সেটগুলো আনা হয়েছিল জানিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা নাহিদা বলেন, “চোরাই পথে মোবাইল আমদানি করায় গ্যাজেট অ্যান্ড গিয়ারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”   জব্দ সেটগুলোর বেশিরভাগই নকল এবং এগুলো কিনতে আগ্রহীদের কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয়া হত না বলেও জানান তিনি।

সেটগুলো ঢাকা কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।