২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রামের বিএনপি নেতা আহম্মেদ খলিল খানের বাসা থেকে চুরি যাওয়া ৬৬ ভরি স্বর্ণালংকার কক্সবাজারের চকরিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2014, 07:56 PM

Updated : 22 Aug 2022, 06:59 PM

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন- খলিল খানের গৃহকর্মী রুমা আক্তার (১৮), গাড়িচালক হুমায়ুন কবির (২৪), তার বাবা আবু তাহের (৬০) ও প্রহরী জমির হোসেন (২৮)।

এদের মধ্যে হুমায়ুন ও জমিরকে চাকরিচ্যুত করেছিলেন খলিল খান।

চকবাজার থানার ওসি আতিক আহামেদ খান জানান, গত ২৪ অগাস্ট রাতে নগরীল কাপাসগোলায় খলিল খানের বাসা থেকে ৬৮ ভরি স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন, ৫৫ হাজার টাকা, একটি ল্যাপটপ ও দুইটি মডেম চুরি হয়।

পরদিন সকালে খলির খানের ছেলে জাবেদ খান চকবাজার থানায় মামলা করেন।

“মামলার প্রেক্ষিতে রুমাকে ওইদিন সকালে বাসা থেকে, রাতে সাতকানিয়ার কেরানীহাট থেকে জমির ও চকরিয়ার নিজ বাড়ি থেকে হুমায়ুনকে আটক করা হয়।

থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদে রুমা ও জমির জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেও হুমায়ুন প্রথমে তা স্বীকার করেনি।

তিনি বলেন, “পরে তাকে দুইদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সেও চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

“তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে হুমায়ুনের বাড়ির মাটির নিচ থেকে ৬১ ভরি অলংকার, মোবাইল ফোন,  ল্যাপটপ উদ্ধার ও তার বাবা তাহেরকে গ্রেপ্তার করা হয়।”

এছাড়া চিরিঙ্গা বাস স্টেশন এলাকার রনজিতা জুয়েলার্স থেকে পাঁচ ভরি অলংকার উদ্ধার করা হয় বলে জানান আনোয়ার।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মঞ্জুর মোর্শেদ জানান, হুমায়ুন ৫-৬ বছর খলিল খানের গাড়িচালক ছিল। সেসময় রুমার সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানাজানি হলে হুমায়ুনকে চাকরিচ্যুত করা হয়।

“জিজ্ঞাসাবাদে রুমা জানিয়েছে, সে সময় হুমায়ুনকে বিয়ের জন্য চাপ দিলে সে বাসা থেকে স্বর্ণালংকার চুরির প্রস্তাব দিয়েছিল।”

পুলিশ কর্মকর্তা মোর্শেদ আরও জানান, প্রস্তাব অনুযায়ী পরিবারের লোকজন ২৪ অগাস্ট সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে গেলে হুমায়ুন বাড়িতে ঢোকে এবং অপর গৃহকর্মী শাহেদাকে বাথরুমে বেঁধে রেখে মালামাল নিয়ে যায়।