২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধুর প্রতি এরকম শ্রদ্ধার প্রয়োজন নেই’

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জায়গায় টানানো ব্যানারগুলো নামিয়ে ফেলতে বলেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2014, 12:30 AM

Updated : 22 Aug 2022, 06:59 PM

তিনি বলেছেন, “বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে টানানো প্রতিটি ব্যানারেই দেখা যায় যার উদ্যোগে এই ব্যানার টানানো হয়েছে তার ছবি বড় করে এবং বঙ্গবন্ধুর ছবি ছোট করে দেয়া। এভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর কোনো প্রয়োজন নেই।”

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘বঙ্গবন্ধু শিল্পকর্ম প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সংস্কৃতিমন্ত্রী।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা জানাতে হলে তার চিন্তা-চেতনা, সততা, আদর্শ, দেশপ্রেম, দেশের প্রতি আত্মত্যাগ এবং মহিমান্বিত কর্মগুলো অনুসরণ করতে হবে।”

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স অরেফিন সিদ্দিক বলেন, “আমরা যখন তার (বঙ্গবন্ধু) চিন্তা সমগ্র জীবনকে আমাদের সর্বাংশে অনুসরণ করব, তখনি তার স্মৃতির প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা জানানো হবে।”

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী ছাড়াও ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্ল্যা অনুষ্ঠানে ছিলেন।