২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ভাঙ্গার প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

রাজধানীর ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 10:45 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকা মহানগর সংসদের সভাপতি বিধান বিশ্বাস।

তিনি বলেন, “রাতের অন্ধকারে একের পর এক প্রাথমিক বিদ্যালয় ভেঙ্গে ফেলে ভূমি দখলের মহোৎসব চলছে। প্রথমে ঈদের ছুটিতে ভেঙ্গে ফেলা হল বেইলি রোডে অবস্থিত সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়।

“এর রেশ কাটতে না কাটতেই আবার ভেঙ্গে ফেলা হল মিরপুরে অবস্থিত চম্পা-পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই তালিকায় রয়েছে ২৮টি প্রাথমিক বিদ্যালয়।”

একটি ‘গোষ্ঠী’কে সুবিধা দিতে স্কুলগুলো ভাঙ্গা হচ্ছে অভিযোগ করে বিধান বলেন, “আমরা মনে করি, এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের মূল উদ্দেশ্য সরকারি শিক্ষাকে সঙ্কুচিত করে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত এবং এসব জমিতে বহুতল ভবন ও শপিংমল নির্মাণ করে একটি বাণিজ্যিক গোষ্ঠীর স্বার্থ হাসিল করা।”

সংবাদ সম্মেলনে আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় বেইলি রোডে ছাত্র গণসমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সহ-সভাপতি মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক সুমন সেন গুপ্ত, সহ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ও দপ্তর সম্পাদক দীপক শীল।