সাবেক সাংসদের বিরুদ্ধে হত্যা মামলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতার ছেলেকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন ও তার তিন ছেলেসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত স্কুলছাত্র মো. মোরসালিনের (১৬) বাবা কেন্দ্রীয় আওয়ামী ওলামালীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারী বাদী হয়ে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
এ মামলার এজাহারভুক্ত আসামির মধ্যে শাকিল ও ওমর নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
রোববার দুপুরে বাসা হতে বের হয়ে নিখোঁজ হয় মোরসালিন। সোমবার সন্ধ্যায় হীরাঝিল এলাকায় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের পুকুরে তার লাশ পাওয়া যায়।
মামলার নথি থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের পূর্ব পরিকল্পনা ও হুকুমে অন্য আসামিরা রোববার বেলা ১২টার পর থেকে সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার মধ্যে কোনো সময় মোরসালিনকে হত্যা করে।
মোরসালিন নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার এরিবস এন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, লাশের ডান চোখে রক্তাক্ত জখম ও নাক দিয়ে রক্ত ঝড়া দেখে পুলিশ ও নিহতের স্বজনরা নিশ্চিত যে মোরসালিন পরিকল্পিত হত্যার শিকার হয়েছে।
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
