২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সংস্কারে মন্ত্রীকে চট্টগ্রামের ব্যবসায়ীদের চিঠি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ নগরীর সব সড়ক জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন ‘চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 06:51 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের লেখা চিঠিতে রাস্তার দুরবস্থার জন্য সিটি করপোরেশন, ওয়াসা, সিডিএ, টিঅ্যান্ডটি এবং বিদ্যুৎ বিভাগের সমন্বয়হীনতাকে দায়ী করা হয়।

চিঠিতে বলা হয়, সেবাদানকারী এসব সংস্থার বারবার খোঁড়াখুঁড়ির কারণে সড়কে বেহাল দশা হয়েছে।

এর ফলে প্রতিদিন যানজট সৃষ্টি এবং মুমূর্ষু রোগী, কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ লোকজনের দুর্ভোগের কথাও উল্লেখ করা হয় চিঠিতে।

চিঠিতে চেম্বার সভাপতি মাহবুব দাবি করেন, বিপর্যস্ত মহাসড়কের কারণে পণ্য পরিবহন খরচ তিন থেকে চারগুণ বেড়ে গেছে।

উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম বিমানবন্দর সড়ক যানজটমুক্ত করার পাশাপাশি মহাসড়ক ও নগরীর সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিতে যোগাযোগমন্ত্রীকে অনুরোধও জানানো হয় চিঠি।