২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য

শোক শোভাযাত্রা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে দিনাজপুরে ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার শোভাযাত্রা শেষে বেলা ১২টায় ফুলবাড়ীর নিমতলা মোড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এক সমাবেশ করে।

২০০৬ সালের ২৬ অগাস্ট দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন সিদ্ধান্ত বাতিল এবং এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিল সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ হয়।

ওই সময় গুলিবিদ্ধ হয়ে আল আমিন, সালেকীন ও তরিকুল নিহত এবং প্রায় দুইশ’ জন আহত হন।

উত্তেজিত জনতা ওইদিনই ফুলবাড়িতে অবস্থিত এশিয়া এনার্জির অফিস ভেঙে দেয়। শুরু হয় লাগাতার হরতাল। ফুলবাড়ির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় অন্যান্য জেলা ও উপজেলার যোগাযোগ ব্যবস্থা।

পরে ৩০ অগাস্ট আন্দোলন কমিটির সঙ্গে তৎকালীন সরকারের ছয় দফা সমঝোতা চুক্তির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দিনটি স্মরণে মঙ্গলবার সকালে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি  আহ্বায়ক শেখ মুহম্মদ শহিদুল্লাহ ও সদস্য সচিব আনু মুহাম্মদের নেতৃত্বে একটি এবং ফুলবাড়ী পৌর মেয়র মানিক সরকারের নেতৃত্বে আরেকটি শোক শোভাযাত্রা ফুলবাড়ী সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী রক্ষা আন্দোলনে নিহতদের স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এর পরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে শোক শোবাযাত্রা ও স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

ফুলবাড়ী ট্রাজেডি দিবস উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ি শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা। শহরে নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির কেন্দ্রীয় আহবায়ক শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, সদস্য সচিব আনু মুহাম্মদ, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কমিটির সদস্য টিপু বিশ্বাস, জোনায়েদ সাকী, ফুলবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে আনু মোহাম্মদ বলেন, “দেশ যদি কমিশনভোগী ও লুটেরাদের দ্বারা পরিচালিত হয় তাহলে সম্পদ পরিণত হয় অভিশাপে।”

ফুলবাড়ীর কয়লা সম্পদ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রহরীর ভূমিকায় থাকার আহবান জানিয়ে তিনি বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের নীল নকশা জনগণ জীবন দিয়ে প্রতিরোধ করবে এবং জনগণের সম্পদ জনগণই রক্ষা করবে।