২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হাজার কলাগাছ কাটল ‘আসামিরা’

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদীপক্ষের প্রায় দুই হাজার কলাগাছ কাটার অভিযোগ উঠেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 04:01 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

শৈলকুপা থানার এসআই ফরিদ উদ্দিন জানান, সোমবার গভীর রাতে দুধসর গ্রামে ১১ জন কৃষকের পাঁচ বিঘা জমির কলা ক্ষেত ধ্বংস করেছে দুর্বৃত্তরা। 

এতে চাষিদের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন মফিজউদ্দিন, বিপুল হোসেন, সৈয়দ আলি, জয়নাল হোসেন, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, হোসেন আলি, মজিবর রহমান, আক্কাস আলি সিদ্দিক হোসেন ও মতিয়ার রহমান। 

রেজাউল ইসলাম জানান, গত ১৫ মে তার বাবা বিশারত আলি শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি ৩০ জনকে আসামি করে মামলা করেন।

তার অভিযোগ, “পুলিশ আসামিদের ধরছে না। আসামিরা আমাকে হুমকি দিচ্ছে। আমাদের দলের ১১ জন চাষির পাঁচ বিঘা জমির কলা গাছ কেটে ফেলেছে তারা।”

দুধসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব জোয়াদ্ধার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষেতে হত্যা মামলায় বাদীপক্ষের লোকদের কলাগাছ বেছে বেছে কাটা হয়েছে।

এসআই ফরিদ বলেন, “ওই হত্যা মামলা নিয়ে গ্রামে দুই দলের মধ্যে শত্রুতা চলে আসছে। এর জেরে কলা ক্ষেত ধবংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে”।  

বিশারত আলি হত্যা মামলাটির বিষয়ে শৈলকুপা থানার ওসি সবির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার দুই আসামি গ্রেপ্তার আছেন। আমি নতুন এসেছি। নথি না দেখে মামলার অবস্থা কী তা বলতে পারছি না।”