নীলফামারীতে 'ফুলবাড়ী দিবস' পালিত
উন্মুক্ত কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নিহতদের স্মরণে 'ফুলবাড়ী দিবস' পালন করেছে নীলফামারীর তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালিবাড়ি মোড় থেকে একটি মৌন মিছিল শহর ঘুরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে সেখানে কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর সেখানে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা হয়।
তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের নেতা আতিয়ার রহমান, স্মরণী বিশ্বাস, উদাস কুমার রায়, প্রাণ কুমার রায়, হাসান আলী, খন্দকার মো. হানিফ বক্তব্য দেন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত বাতিল এবং যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে ২০০৬ সালের ২৬ অগাস্ট তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির মিছিলে আইন-শৃঙ্খলা বাহিনী গুলি চালালে তিনজন নিহত এবং প্রায় দুই’শ মানুষ আহত হন।
ওই ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়লে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি করে পরিস্থিতি শান্ত করে। চুক্তিতে নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে খনন না করার কথাও বলা হয়।
ফুলবাড়ী চুক্তির ৬ দফা দাবির মধ্যে রয়েছে- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করা, নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান, নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ, গুলি বর্ষণকারীদের শাস্তি এবং আন্দোলনকারী জনগণের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার।
