ড্যাপ পর্যালোচনা করবে ৩ প্রতিষ্ঠান
ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) পুনর্গঠনের আগে তিনটি প্রতিষ্ঠানকে দিয়ে পর্যালোচনা করাবে সরকার।
রোববার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেনের সভাপতিত্বে ড্যাপ পুনর্গঠন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে পূর্তমন্ত্রী সাংবাদিকদের বলেন, ড্যাপ পুনর্গঠনের আগে একে টেকনিক্যালি দেখার জন্য তিনটি জোনে ভাগ করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্র্যাফিক ইনফরমেশন (সিইজিআইএস) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিওএম) ড্যাপের তিনটি জোনের বিভিন্ন বিষয় দেখবে।
১৯৯২ সালে সরকারের নেয়া মহাপরিকল্পনা অনুযায়ী ’৯৫ সালে ঢাকা মহানগরী উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) করা হয়।
এরই ধারাবাহিকতায় ’৯৬ সালেই ডিটেইল্ড এরিয়া প্লান (ড্যাপ) প্রণয়নের উদ্যোগ নেয়া হয়। ২০১০ সালের জুলাই মাসে গেজেট আকারে ড্যাপ প্রকাশ করা হয়।
তবে ড্যাপ পুনর্গঠনে একটি মন্ত্রিসভা কমিটি কাজ করছে। এই কমিটির অধীনে রয়েছে উপ-কমিটি এবং একটি কারিগরি কমিটি।
শর্তে অনুমোদন বসুন্ধরার দুই প্রকল্প
বসুন্ধরা রিভারভিউয়ের দুটি আবাসন প্রকল্প শর্ত সাপেক্ষে অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে মোশাররফ বলেন, শর্তগুলো পূরণ করলে এগুলোর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।
তবে বসুন্ধরার কোন দুটি আবাসন প্রকল্প শর্তে-অনুমোদন দেয়া হয়েছে সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রী।
তিনি বলেন, অনেক এলাকা ডেভেলপ্ড হওয়ার পরেও সেখানে আবাসন গড়ে তোলা যাচ্ছে না, এগুলো দেখে সিদ্ধান্ত দেয়া হচ্ছে।
“অন্য দেশ সমুদ্র ভারাট করে বাড়ি করতে পারলে নিচু জমি ভরাট করে সেখানে পানি নিঃষ্কাশনের ব্যবস্থা রাখলে আমরা কেন বাড়ি করতে পারব না?
গত ১৪-১৫ বছর ঢাকায় ডেভেলপমেন্ট কাজ বন্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্যই প্ল্যান পাস হচ্ছে না, ১০-১২ হাজার ইন্ড্রাস্টি বন্ধ।
“আমি ডেভেলপমেন্টের পক্ষে। আমি পজিটিভ ম্যান, আমি চাই ডেভেলপ্ট হোক। ডেভেলপ্ট যেন মুখ থুবড়ে না পড়ে।”
আবাসনের দরকার আছে মন্তব্য করে পূর্তমন্ত্রী বলেন, আবাসন শিল্প বন্ধ হয়ে যাওয়াতে গুলশান-বানানীতে জমির দাম বেড়ে গেছে।
রোবারের বৈঠকে ইস্টার্ণ হাউজিংয়ের বেশ কয়েকটি প্রকল্প ছাড়াও আরো কয়েকটি আবাসন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তবে ওইসব প্রকল্প সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
মন্ত্রিসভা কমিটির বৈঠকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উপস্থিত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “স্টেকহোল্ডার হিসাবে তিনি সভায় উপস্থিত ছিলেন।”
কুড়িল-পূর্বাচল ছয় কিলোমিটার সংযোগ সড়কের দু্ই পাশে একশ ফুট করে লেক করার বিষয়ে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মোশাররফ।
তিনি বলেন, ওই সড়কের দুই পাশে যেন একশ ফুট করে লেক রাখা হয় সে বিষয়ে সোমবারের মন্ত্রিসভা বৈঠকেও প্রধানমন্ত্রী তাকে বলেছেন।
“কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট প্রশস্ত সড়কের উভয় পাশে একশ ফুট করে লেক করতে হলে নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে।”
মন্ত্রী বলেন, নতুন করে জমি অধিগ্রহণ করলে বসুন্ধরা, যমুনা, পুলিশ, নেভি, আগা খানসহ অন্য ছোট ডেভেলপাররা ক্ষতিগ্রস্থ হবে।
পূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত ৪ জুন ড্যাপ রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কুড়িল-পূর্বাচল সড়কের শুধু উত্তর পাশে ১০০ ফুট জলাধার রাখার সিদ্ধান্ত হয়।
ওইদিন এই সংযোগ সড়কের বিষয়ে মন্ত্রিসভা কমিটিতে ১১টি সিদ্ধান্ত নেয়া হলেও তার ৯টিতে আপত্তি জানিয়েছে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলেপমেন্ট।
