অবমাননা:বার্গম্যানের বিষয়ে পরবর্তী শুনানি ৪ সেপ্টেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে ব্যক্তিগত ব্লগে আপত্তিকর মন্তব্য করায় সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ৪ সেপ্টেম্বর।
ওই দিন বার্গম্যানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি করবেন অভিযোগকারী হাই কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদের আইনজীবী মিজান সাঈদ।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সোমবার বার্গম্যানের পক্ষে তার আইনজীবীর শুনানি শেষে এ দিন ঠিক হয়।
এদিন ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী নিউ এইজের সাংবাদিক বার্গম্যানের পক্ষে দ্বিতীয়বারের মতো জবাব দাখিল করেন তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
ফাইল ছবি
শুনানিতে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বলেন, ব্লগে মন্তব্য প্রতিবেদন প্রকাশ হওয়ার প্রায় দুই বছর ৪ মাস পরে আবেদন করেছেন আবেদনকারী। লেখনীগুলো দীর্ঘদিন ধরে পাবলিক ডোমেইনেই ছিল।
তাই লেখনীগুলো আসলেই কতটা ক্ষতিকর হতে পারে, তা বিবেচনার জন্য আদালতকে অনুরোধ করেন তিনি।
সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের একটি মামলার রায় নিয়ে মন্তব্য করায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৯৯৮ সালে এবং পরবর্তীতে ২০০০ সালে আদালত অবমাননার মামলার সূত্র ধরে আলোচনা করেন মোস্তাফিজুর রহমান।
ওই মামলাগুলো থেকে পরবর্তীকালে শেখ হাসিনা কী কী কারণে অব্যহতি পান, তা-ও আলোচনা করেন তিনি।
এই আইনজীবী বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তৃতীয় কোনো ব্যক্তি ট্রাইব্যুনাল সংক্রান্ত বিষয়ে আদালত অবমাননার আবেদন করতে পারেন না। ফলে এই আবেদনটি গ্রহণযোগ্য নয়।”
এর আগে গত ১৭ এপ্রিল ডেভিড বার্গম্যানের দাখিল করা জবাবে সন্তুষ্ট না হওয়ায় দ্বিতীয়বারের মতো জবাব দাখিল করার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। ১১ মে এ জবাবের ওপর শুনানির কথা থাকলেও কয়েক দফা তা পেছানো হয়।
গত ১৯ ফেব্রুয়ারি বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আবুল কালাম আজাদ।
তার পক্ষে শুনানিতে মিজান সাঈদ বলেন, ডেভিড বার্গম্যান তার নিজের ব্লগে গত বছরের ২৮ জানুয়ারি ‘আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-১, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল অ্যান্ড ডিফেন্স ইনডিকোয়েন্সি’ এবং ‘আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-২, ট্রাইব্যুনাল অ্যাজাম্পশন’ শীর্ষক লেখা প্রকাশ করেন।
এসব লেখায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদের রায় নিয়ে করা মন্তব্যে ট্রাইব্যুনালের মর্যাদাহানি হয়েছে বলে আবেদনে অভিযোগ করা হয়।
শুনানিতে তিনি বলেন, ডেভিড বার্গম্যান ট্রাইব্যুনাল রায় ঘোষণার আগেই সেই রায় নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া বিচারাধীন বিষয় নিয়েও তিনি মন্তব্য করেছেন তার লেখায়।
এসব মন্তব্য বিচারিক আদালতের জন্য হুমকিস্বরূপ এবং জনস্বার্থবিরোধী এবং রায় নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে অভিযোগে বলা হয়।
যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়ার সমালোচনা করে লেখালেখির জন্য বিচারপ্রার্থী আন্দোলনের কর্মীদের কাছে সমালোচিত বার্গম্যানকে ২০১১ সালেও একবার সতর্ক করেছিল ট্রাইব্যুনাল।
নিজের ব্লগের বিষয়ে ডেভিড বার্গম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “সেখানে ট্রাইব্যুনালের দেয়া কিছু আদেশ নিয়ে সমালোচনামূলক মন্তব্য রয়েছে, তবে সেগুলো পরিমিত ও নিরপেক্ষ, যদিও কেউ কেউ এতে দ্বিমত পোষণ করতে পারে।”
যুক্তরাজ্যের নাগরিক ডেভিড বার্গম্যান ইংরেজি দৈনিক নিউ এইজের বিশেষ প্রতিনিধি। তিনি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের জামাতা।
