জঙ্গিবাদে অর্থায়নের উৎস অনুসন্ধান জোরদারে টাস্কফোর্স
বাংলাদেশে জঙ্গিবাদে অর্থায়নের উৎস অনুসন্ধান কার্যক্রম আরো জোরদার করতে এবং এ বিষয়ে আরো বেশি সমন্বয়ের জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার।
শিল্পমন্ত্রীকে সভাপতি করে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ ১৭ সদস্যের এই টাস্কফোর্স গঠনের আদেশ প্রকাশ করেছে যাতে গত ২০ অগাস্ট এটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
অর্থ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মহাপুলিশ পরিদর্শক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবকে এই টাস্কফোর্সের সদস্য করা হয়েছে।
এছাড়া বিজিবি, আনসার ও ভিডিপি, এনএসআই এবং ডিজিএফআই’র মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকও এই টাস্কফোর্সের সদস্য।
এতে সদস্য হিসাবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, বাংলাদেশ ব্যাংকের এফআইইউ’র (ফিন্যান্সিয়াল ইনটিগ্রিটি ইউনিট) জিএম এবং জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেলের পরিচালককে রাখা হয়েছে ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) টাস্কফোর্সের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে।
এই টাস্কফোর্স জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধান কার্যক্ম আরো জোরদার ও অধিকতর সমন্বয়ে পদক্ষেপ নেয়া ছাড়াও অর্থের যোগানদাতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার সুপারিশ করবে।
এছাড়া জঙ্গি তৎপরতারোধে গোয়েন্দা নজরদারি জোরদার, জঙ্গিবাদ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত কোনো ধরণের অপতৎপরতা দমনে আইনানুগ কার্যকরী ব্যবস্থা নেয়ার বিষয়ে কর্তৃপক্ষকে জানাবে এই টাস্কফোর্স।
এই টাস্কফোর্সকে জঙ্গিবাদে অর্থায়নের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও পর্যালোচনা করে বিভিন্ন সিদ্ধান্তও নিতে বলা হয়েছে।
