বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
পঞ্চগড় সদরের ঘাগড়া সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে।
সোমবার ভোরে ৫০ নং মেইন পিলারের ১২ ও ১৩ নং সাব পিলার এলাকা থেকে মো. রায়হানকে (২১) আটক করা হয়। রায়হান নরদেবপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আটকের পর বিএসএফ তাকে ভারতের পুলিশের হাতে সোর্পদ করেছে বলে বিজিবি জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বেংপুকুরী গ্রামের আমিনার রহমানের নেতৃত্বে রায়হানসহ ৫/৬ জন বাংলাদেশি ভারতীয় গরু আনতে সীমান্তে যান।
ঘাগড়া সীমান্তের ৫০ নং মেইন পিলারের ১২ ও ১৩ নং সাব পিলার এলাকার বিপরীতে ভারতের ১২০ শিংগিমারি বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় তাদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলিও ছোড়া হয়।
বিজিবি কর্মকর্তা আরো জানান, এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ রায়হানকে আটক করে। পরে তাকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়।
