২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিআইসির অপচয়ে সংসদীয় কমিটির ক্ষোভ

আর্থিক বিধি অনুসরণ না করা, চুরি, আত্মসাৎ, ঘাটতি, অপচয় ও অর্থ আদায়ে ব্যর্থতার কারণে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ৩ হাজার ১২৬ কোটি ৫৪ লাখ টাকার অডিট আপত্তির জবাব সংসদীয় কমিটিকে দিতে পারেনি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 06:30 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

২০০৬-০৭ অর্থ বছর থেকে ২০১০-১১ অর্থ বছর পর্যন্ত বিপুল পরিমাণ এই অর্থ সংশ্লিষ্ট অডিট আপত্তির ব্যাখ্যা দিতে না পারায় অসন্তোষ প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে বিসিআইসির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী সাংবাদিকদের বলেন, “বিপুল পরিমাণ এই অর্থ সংশ্লিষ্ট অডিট আপত্তির ব্যাখ্যা দিতে না পারায় কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। কিভাবে এই অর্থ অপচয় হল, তা জানতে চাওয়া হলে বিসিআইসি বলেছে তারা প্রস্তুত নয়।”

সরকারি অর্থের অপচয় রোধে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। আগামী এক সপ্তাহের মধ্যে বিসিআইসি এর ব্যাখ্যা দেবে বলে জানান সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী।

বৈঠকের কার্যপত্রে দেখা যায়, ২০০৬-০৭ থেকে ২০১০-১১ অর্থ বছর পর্যন্ত অডিট আপত্তির মধ্যে ৬৪টির ক্ষেত্রে আর্থিক বিধি অনুসরণ করা হয়নি। আর চুরি, আত্মসাৎ, ঘাটতি ও অপচয়সহ অন্যান্য কারণে অডিট আপত্তির সংখ্যা ১ হাজার ১৩৪টি। এসব অডিট আপত্তির বেশিরভাগই অনিষ্পন্ন।

এর মধ্যে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭-০৮ অর্থ-বছরে সবচেয়ে বেশি আর্থিক অনিয়ম হয়েছে। ওই সময়ের ২৫৬টি অডিট আপত্তির সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ১ হাজার ১৭৭ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকা।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুই অর্থবছর ২০০৯-১০ এবং ২০১০-১১ এ মোট ৪৮৭টি অডিট আপত্তির সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ৯৬০ কোটি ৮২ লাখ ৪৬ হাজার টাকা।

এছাড়া ৫ বছরের বেশি অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা ১ হাজার ৩০৯টি। এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ২ হাজার ৭৭৩ কোটি ৩৬ লাখ ১১ হাজার টাকা।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ছাতক সিমেন্ট কারখানাকে লাভজনক করার জন্য কারখানা আধুনিকীকরণসহ সব ধরনের ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, সুবিদ আলী ভূঁইয়া, মো. হাবিবর রহমান, আব্দুর রউফ এবং নাভানা আক্তার অংশ নেন।