খিলগাঁওয়ে মারামারি, সাবেক কাউন্সিলর আহত
রাজধানীর খিলগাঁওয়ে একটি বাজারে দুই পক্ষের মারামারিতে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সাবেক কাউন্সিলর মামুনুর রহমান ফজলু ও আক্কাস নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সোমবার বেলা ১২টার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগ বাজারে ওই ঘটনার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, দুপুরে মাছ ও মাংসের দোকান বসা নিয়ে দোকানীদের সঙ্গে ফজলুর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা মারামারির রূপ নিলে ধারাল চাপাতির কোপে ফজলু আহত হন।
এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হন আরো দুজন।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে ওসি বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
