সাইফ পাওয়ারটেককে ‘কালো তালিকাভুক্ত’ করার দাবি মহিউদ্দিনের
চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি (আংশিক) জেটি পরিচালানাকারী সাইফ পাওয়ার টেকের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি ‘বন্দর রক্ষা পরিষদের’ ব্যানারে এ আন্দোলনের ঘোষণা দেন। তিনি সংগঠনটির আহ্বায়ক পদেও রয়েছেন।
প্রভাব খাটিয়ে কাজ বাগিয়ে নেয়ায় প্রতিষ্ঠানটির সঙ্গে সব চুক্তি বাতিল করে একে ‘কালো তালিকাভুক্ত’ করার দাবিও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী জানান, আগামী বুধবার বিকালে চট্টগ্রাম বন্দর ভবন গেইটে শ্রমিক-জনতার জনসভা থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বেসরকারি বার্থ অপারেটরে সাইফ পাওয়ারটেকের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন মহিউদ্দিন।
তিনি জানান, বন্দরের নিজস্ব তহবিল থেকে ৭০০ কোটি টাকা খরচে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণ কাজ শেষ হওয়ার পর আট বছরেও এটি পুরোদমে চালু হয়নি।
অথচ সাইফ পাওয়ার টেক কোনো প্রতিযোগিতা ছাড়াই ২০০৭ সালের ১৬ মে ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) ভিত্তিতে এনসিটি পরিচালনার কাজ বাগিয়ে নেয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, “বন্দরের মূল কাজ স্টিভিডোরিং ও কার্গো হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা না থাকলেও এদের সিসিটি এবং এনসিটিকে সিসিটির বর্ধিতাংশ ঘোষণা করে (যা বেআইনি) বার্থ অপারেটিংয়ের দায়িত্ব দেয়া হয়।”
সিসিটি পরিচালনায় গত বছরের ৩১ মার্চ করা চুক্তিতে নতুন যন্ত্রপাতি কেনার বিধান থাকলেও সাইফ পাওয়ার টেক তা করেনি বলে অভিযোগ করেন তিনি।
মহিউদ্দিন চৌধুরী দাবি করেন, ঢাকা আইসিডিতে সাইফ পাওয়ারটেককে অবৈধভাবে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং ঠিকাদার হিসেবে নিয়োগে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
সাইফ পাওয়ার টেকের কার্যক্রমে বর্তমান বন্দর চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রীর ‘সমর্থন’ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আন্দোলন করতে গেলে সব ভুল-ত্রুটি একসঙ্গে প্রকাশ করা যায় না। বন্দর চেয়ারম্যান বা মন্ত্রী যেই হোক না কেন অন্যায়কারীর বিচার আমরা চাইব।”
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতা ইন্দু নন্দন দত্ত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন, বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এম এ বক্কর ও বন্দর সিবিএ সভাপতি মমতাজ উদ্দিন।
