হ্যালো’র শিশু সাংবাদিক উৎসব শুরু
শিশুদের সংগ্রহ করা খবর নিয়ে শিশুদের জন্য চালু বিশেষায়িত ওয়েবসাইট 'হ্যালো'র সাংবাদিক বাছাইয়ের মধ্য দিয়ে দেশের ২৩ জেলায় একযোগে শুরু হলো শিশু সাংবাদিক উৎসব।
সোমবার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলের গ্র্যান্ড বলরুমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৩ জন শিশুর মধ্যে স্মারক বিতরণের মধ্যে দিয়ে এ উৎসবের সূচনা হয়।
অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ সরাসরি ওয়েবকাস্ট করা হয়।
তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর উপস্থিতিতে এ অনুষ্ঠানে কক্ষবাজারে হ্যলোর বাছাই পরীক্ষায় অংশ নেয়া ১৭৩ জন শিশুর হাতে স্মারক তুলে দেয়া হয়।
গত ২২ অগাস্ট লিখিত পরীক্ষার অংশ নেয়া এই শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত ২০ জনকে ইতোমধ্যে সাংবাদিকতা ও শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
কক্সবাজারের স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনও সূচনা উৎসবে অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও গ্রামীণ ফোনের উদ্যোগে ‘আমার কথাও যাবে বহুদূর’ স্লোগানে ২৩ জেলায় একযোগে এ কর্মসূচি চলছে।
হ্যালোর কার্যক্রম চলছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, রাজশাহী, দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা, যশোর, বরিশাল, ঝালকাঠী ও নড়াইল।
শিশুদের সংগ্রহ করা খবর নিয়ে শিশুদের জন্য বিশেষায়িত ওয়েবসাইট http://hello.bdnews24.com/এর যাত্রা শুরু হয় গত বছর ৩১ মার্চ। হ্যালোর জন্য সংবাদ সংগ্রহ থেকে পরিবেশন পর্যন্ত সব কাজেই যুক্ত রয়েছে শিশু ও কিশোর সাংবাদিকরা।
হ্যালো’র নির্বাহী সম্পাদক মুজতবা হাকিম প্লেটো জানান, শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট ‘হ্যালো’। বর্তমানে পাঁচ হাজারেরও বেশি শিশু-কিশোর হ্যালোর সঙ্গে যুক্ত রয়েছে।
“প্রশিক্ষিত শিশু সাংবাদিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অভিজ্ঞ সাংবাদিকদের তত্ত্বাবধানে মূলধারার গণমাধ্যমে ভূমিকা রাখবে। তাদের প্রতিবেদনগুলো বাংলাদেশের সব সংবাদমাধ্যমের কাছে উন্মুক্ত থাকবে।”
সংবাদভিত্তিক এই ওয়েবসাইটটি পরিচালনা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
