ঘুষ নিয়ে আসামি অব্যাহতির অভিযোগ বিচারকের বিরুদ্ধে
ঘুষ নিয়ে ধর্ষণের মামলার এক আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়ার অভিযোগ উঠেছে ঢাকার একটি নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারকের বিরুদ্ধে।
‘ধর্ষিত’ নারী রোববার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আরিফুর রহমানের বিরুদ্ধে আনা একটি লিখিত অভিযোগ আইনমন্ত্রী, আইন সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সলিসিটর বরাবর পাঠিয়েছেন।
অভিযোগে ওই নারী বলেন, “এ ট্রাইব্যুনালের সাঁটলিপিকার আনোয়ার হোসেনের মাধ্যমে উৎকোচ গ্রহণ করে বিচারক অভিযোগ গঠনের দিন রাষ্ট্র ও বাদী পক্ষের শুনানি না শুনে একতরফাভাবে আসামিপক্ষের বক্তব্য শুনে আসামি সাঈদ ইবনে মাসুদকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।”
বাদীর ব্যক্তিগত আইনজীবী খায়রুল আহসান মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর ফোরকান মিয়ার বক্তব্যও শোনেননি। মামলার কোনো কাগজপত্রে ধর্ষণের অভিযোগ থেকে আসামিকে অব্যাহতি দেয়ার যৌক্তিক কারণ বিচারক দেখাতে পারবেন না।”
এই অভিযোগ ওই আদালতের বিশেষ পিপি ফোরকান মিয়াও সমর্থন করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ষণের মামলায় সাক্ষ্য প্রমাণ না নিয়ে অভিযোগ গঠনের দিনই অব্যাহতি দেয়া একটি বিরল ঘটনা।
“মামলাটিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে সাক্ষ্য প্রমাণ নিয়ে খালাসের যুক্তি থাকলে আসামিকে খালাস দিতে পারতেন বিচারক। বিচারক কাজটি ঠিক করেননি।”
তবে ঘুষ নেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সাঁটলিপিকার আনোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগের আদৌ সত্যতা নেই। মামলার বাদী এর আগেই একই আসামির বিরুদ্ধে একটি অপহরণের মামলা করেন। ওই মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি, অন্য ট্রাইব্যুনালে বিচারাধীন।
“সে মামলায় ধর্ষণের কথা উল্লেখ না করে দ্বিতীয় মামলাটিতে ধর্ষণের অভিযোগ আনা হয়। যে কারণে বানানো মামলা মনে করার যথেষ্ট কারণ দেখে বিচারক সাঈদকে অব্যাহতি দিয়েছেন।”
সাঈদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। অব্যাহতি পাওয়ার পর তিনি বাদীকে ‘১০ হাজার টাকা ঘুষ দিয়ে’ পক্ষে আদেশ পাওয়ার কথা জানিয়েছেন বলে ওই নারী অভিযোগে উল্লেখ করেন।
“অব্যাহতি নিয়ে সেদিন (১৪ অগাস্ট) রাত ৮ টায় মোবাইল ফোনে সাইদ অকথ্য ভাষায় গালিগালাজের পর বলে, ‘আমি ১০ হাজার টাকা ঘুষ দিয়ে খালাসের আদেশ কিনিয়া নিয়াছি’।”
এই নারী গত বছরের ২৫ জুলাই এই ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি করেন, যাতে সাঈদকে আসামি করা হয়।
ঘটনাস্থল রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় হওয়ায় ওই থানাকে তদন্তের জন্য আদেশ দেন বিচারক। এরপর গত বছরের ১৬ সেপ্টেম্বর অভিযোগের সত্যতা পাওয়ার কথা তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে আদালতকে জানান।
ওই প্রতিবেদন দেখেই মামলাটি আমলে বিচারক। এর মধ্যে আসামি উচ্চ আদালত থেকে জামিন নেন।
নথিপত্রে দেখা যায়, মামলাটিতে গত ২৪ মার্চ অভিযোগ গঠনের দিন রাখা হয়। কিন্তু বার বার অভিযোগ গঠনের শুনানির জন্য সময় নিতে থাকে আসামিপক্ষ। বিচারকও আসামি পক্ষের শুনানি মুলতবির আবেদন মঞ্জুর করতে থাকেন।
পরে গত ১৪ অগাস্ট আবারো তারিখ ঠিক হয় অভিযোগ গঠনের শুনানির জন্য।
ওই নারী অভিযোগে বলেন, আসামিপক্ষের বক্তব্য শুনে পরে আদেশ দেবেন বলে বিচারক সেদিন দুপুর ২টায় এজলাস থেকে নেমে খাসকামরায় চলে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি এজলাসে নথির আদেশ দেখার জন্য অপেক্ষায় ছিলেন। সন্ধ্যার পর আসামিকে অব্যাহতি দিয়ে আদেশ হয়।
