২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বন্যা: বিশুদ্ধ পানি সংকট

গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে বন্যা কবলিত এলাকার বিশুদ্ধ পানি ও গো খাদ্যের সংকটের পাশাপাশি ডাকাতদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 09:36 PM

Updated : 13 Oct 2022, 12:29 PM

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল মিয়া জানান, তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার এবং করতোয়া নদীর পানি ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ৪ সেন্টিমিটার কমেছে ব্রহ্মপুত্র নদের পানি। এসব নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে, ঘাঘট নদীর পানি কমলেও এখনো বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের জয়নাল আবেদীন জানান, বন্যা উপদ্রুত এলাকায় নলকূপগুলো ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

এ কারণে এলাকায় ডায়রিয়া, পেটের পীড়াসহ পানিবাহিত নানা রোগ দেখা দেয়ার আশংকা রয়েছে বলে তিনি জানান।

সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক সর্দার জানান, এলাকায় সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা খাবার সরবরাহ করছে। কিন্তু গবাদি পশুর খাবার তো কোনোভাবেই পাওয়া যাচ্ছে না।

ফুলছড়ি উপজেলার এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল জানান, বন্যাকবলিত চর ও নদীতে চলাচল করা নৌকা গুলোতে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

“এমনিতেই বন্যায় মানুষ দিশেহারা, তার উপর ডাকাতদের অত্যাচার। এ যেন মরার উপর খারার ঘা,” বলেন তিনি।

এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি মসিউর রহমান জানান, ডাকাতি এ জেলায় হচ্ছে না, কারণ এ  জেলার নৌকাগুলো পুলিশ পাহারায় পার করে দিচ্ছে। ডাকাতির ঘটনা পার্শ্ববর্তী জেলা বা থানায় হতে পারে।

এদিকে জেলা প্রশাসক মো. এহছানে এলাহী ত্রাণ বিতরণ কাজ অব্যাহত আছে জানিয়ে বলেন, বন্যার্তদের জন্য সুন্দরগঞ্জে সরকারিভাবে ২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া ৩৮টি মেডিকেল টিম কাজ করছে।