চট্টগ্রামে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
বিল বকেয়া থাকায় চট্টগ্রামে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভ্রাম্যামান আদালত।
রোববার দিনভর চলা এ অভিযানে ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন এবং ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
পিডিবি বিতরণ দক্ষিণাঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পিডিবি চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের (উত্তর) জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নগরীর রামপুর বিতরণ বিভাগের অধীন হালিশহর, সবুজবাগগ ও রামপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বকেয়া বিল থাকায় বাদশা মিয়ার মালিকানাধীন ইউরো প্লাস্টিক, দেলোয়ার হোসেনের শিপন মেটাল, জামাল উদ্দিন, সেলিম উদ্দিন, খোরশেদ আলম ও জামিল থানের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এই ছয় প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বকেয়া বিলের পরিমাণ ছিল তিন লাখ ৬৩ হাজার টাকা। এদের বিরুদ্ধে মামলাও করা হয়।
অভিযানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় আবদুস সাত্তার, মো শফি, মো. আশরাফ, বুলবুল আহমেদ ও সেকান্দরকে জরিমানা করা হয় মোট এক লাখ দুই হাজার টাকা।
এই পাঁচ জনকে বিভিন্ন অঙ্কে মোট এক লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়।
