২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের পর সুই রেখে সেলাই: অভিযোগের আদেশ বুধবার

এক রোগীর শরীরে অস্ত্রোপচারের পর ভেতরে সুই রেখে সেলাই করার অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে করা মামলায় অভিযোগের বিষয়ে বুধবার আদেশ দেবে চট্টগ্রামের আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

রোববার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য দিন ঠিক করেন তিনি।

বাদির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপক্ষই অভিযোগ গঠন বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছেন।

“দীর্ঘ দেড়ঘণ্টা এবিষয়ে শুনানি হয়েছে। আদালত আগামী ধার্য তারিখে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেবেন। জামিনে থাকা দুই চিকিৎসক শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।”

এই মামলায় অভিযুক্ত দুই চিকিৎসক হলেন ডা. সুরমান আলী ও ডা. জাকির হোসেন।

২০১২ সালের ৩০ মে স্থানীয় একটি ক্লিনিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচার করেন ওই দুই চিকিৎসক।

এদের মধ্যে সুরমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপরোস্কিপ, কলোরেক্টাল সার্জন এবং জাকির বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক।

Image
।

।

অস্ত্রোপচারের পর আমিনুল মলদ্বারে ব্যাথা অনুভব করেন। বিষয়টি ওই দুই চিকিৎসককে জানানো হলে তারা  ফের অস্ত্রোপচার করলেও সমস্যার সুরাহা হয়নি।

পরে অবস্থার অবনতি ঘটলে অমিনুলকে কলকাতায় নেয়া হয়। সেখানে অ্যাপোলো হাসপাতালের রেডিওলজিস্ট দেবাশীষ দত্ত অস্ত্রোপচার করে সেখান থেকে সুই বের করে আনেন।

চিকিৎসা শেষে দেশে ফিরে গত ২৮ জানুয়ারি মহানগর হাকিম আদালতে দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেন আমিনুলের মা দেলোয়ারা বেগম। আদালত তা মামলা হিসেবে গ্রহণের জন্য পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেন।

পাঁচলাইশ থানার এসআই রহুল আমিন গত বছরের ৩০ মে দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

গত বছরের ৩ জুন মামলার অন্যতম আসামি সুরমান আলীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

পরদিন থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং চট্টগ্রামের চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার ও প্রাইভেট ক্লিনিকগুলোতে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দেন।

দুদিন পর ৬ জুন আদালতের নির্দেশে ‍সুরমান আলী জামিন পেলে ধর্মঘট প্রত্যাহার করেন চিকিৎসকরা।

এরপর গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, চলতি বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ও সর্বশেষ ১৭ জুলাই মোট নয় দফায় আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়।

অবশেষে রোববার দশম নির্ধারিত দিনে মামলাটির অভিযোগ গঠনের শুনানি হলো।