২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরভবন ঘেরাও করবে রিকশা মালিক-শ্রমিকরা

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ না হলে বুধবার নগর ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে অটোরিকশা ও রিকশার মালিক-শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 05:51 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

রোববার সকাল ১১ টায় চট্টগ্রাম নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেয় সিএনজিচালিত অটোরিকশা ও প্যাডেল রিকশা মালিক-শ্রমিকদের চার সংগঠন।

সমাবেশে চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা মালিক কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগরী রিকশা চালক মালিক সমন্বয় পরিষদ, চট্টগ্রাম অটোরিকশা, অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ অংশ নেয়।

সমাবেশ চলার সময় নগর ভবনে নিজ কার্যালয়েই ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম।

চার সংগঠনের প্রধান উপদেষ্টা ওয়াজিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশনের কাছে ২৬ অগাস্টের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

“অন্যথায় ২৭ অগাস্ট সিএনজি অটোরিকশা ও প্যাডেল রিকশার ৩০ হাজার চালক নিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগর ভবন ঘেরাও করা হবে।

“সর্বোচ্চ আদালত ব্যাটারিচালিত রিকশা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সিটি করপোরেশন।”

আদালতের রায়কে তাদের গত দেড় বছরের শান্তিপূর্ণ আন্দোলনের প্রাপ্তি বলেও উল্লেখ করেন ওয়াজিউল্লাহ।

চট্টগ্রাম মহানগর রিকশা মালিক পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়ার সভাপতিত্বে সমাবেশ চলার সময় ব্যস্ততম আন্দরকিল্লা মোড় ও মোমিন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গত ৩ জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ঢাকা ও চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে রায় দেন। এরপর চলতি মাসে দেয়া পূর্ণাঙ্গ রায়ে এ ধরণের রিকশার বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।

গত ১৯ অগাস্ট চট্টগ্রাম প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে ব্যাটারিচালিত অটো রিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সাজু দাবি করেন, আদালতের রায়ের বিরুদ্ধে তাদের সংগঠন আপিল বিভাগে মিস পিটিশন দায়ের করেছে।

তবে ওই পিটিশনের শুনানির বিষয়ে সেদিন খায়রুল ইসলাম কিছু জানাতে পারেননি।

চট্টগ্রাম মহানগরী ও আশেপাশের এলাকায় প্রায় এক লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। এর বাইরে চট্টগ্রাম সিটি করপোরেশনের লাইসেন্স প্রাপ্ত ৭০ হাজার প্যাডেল চালিত রিকশা রয়েছে।