২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে মুহুরির হামলায় নাজির আহত

ঝালকাঠী জেলা ও দায়রা জজ আদালতে মুহুরির হামলায় এক নাজির জখম হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনায় আহত নায়েব নাজির শহীদুল ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারী মুহুরি হাসান শেখকে আটক করেছে আদালত পুলিশ।

সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মনীন্দ্র নাথ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “শহীদুলের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতে সাতটি সেলাই করতে হয়েছে। মাথায়ও আঘাত পেয়েছেন তিনি।” 

হাসপাতালে আহত শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে আমি আমার ১১৯ নম্বর কক্ষে বসে কাজ করছিলাম। এ সময় পুরোনো জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হাসান মুহুরি আমাকে মারতে উদ্যাত হয়।

“বাঁচার জন্য আমি পালিয়ে গেলে জেলা ও দায়রা জজ সাহেবের নাজিরের কক্ষের সামনে হাসান আমাকে ধরে ফেলে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে।”

শহীদুল জানান, পরে তার চিৎকার শুনে আদালত পুলিশ এসে হাসানকে আটক করে। 

তবে, অভিযোগ অস্বীকার করেছেন আটক মুহুরি হাসান বলেন, “সকালে পাওনা ৫০ হাজার টাকা চাইতে গেলে শহীদুলই আমাকে মারতে উদ্যাত হয়। এ সময় আমি সরে গেলে তিনি জানালার গ্লাসের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন।”

হাসানের বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে জানিয়ে ঝালকাঠী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম আলম খান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব কারণে আইনজীবী সমিতির মহরার সংগঠন থেকে তার সনদও বালিত করা হয়েছে।

মুহুরি হাসানের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন আদালতের নাজির জামাল উদ্দিন।