২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 04:47 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগ সভাপতি আলী মুর্তজা খসরু বলেন, বেলা পৌনে ১২টার দিকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিল শেষে সমাবেশে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেয় তারা।

“এতে ক্ষিপ্ত হয়ে শিবিরকে মিছিলের অনুমতি দেয়ার প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করে প্রশাসন ভবনের দিকে গেলে পুলিশ তাতে বাধা দেয় এবং রাবার বুলেট নিক্ষেপসহ লাঠিপেটা শুরু করে।”

পুলিশের হামলায় ইবি ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিনু, কর্মী বিপ্লব কর্মকার, টনি, রিপন রাবার বুলেটবিদ্ধ এবং জুয়েল রানা টনি লাঠির আঘাতে মারাত্মক আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে রাখা উপাচার্য ও উপ-উপাচার্যের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শরিফুল ইসলাম বলেন, কাজে বাধা দেয়াসহ আক্রমণ করায় নিজেদের রক্ষা করতে রাবার বুলেট ছুড়েছে পুলিশ।