তিন জেলায় চলছে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের ভোটগ্রহণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ও মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
এছাড়াও ভোলার তিন উপজেলার চার ইউনিয়ন পরিষদের সদস্য পদে চলছে উপ-নির্বাচন।
রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
উত্তর চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার এবং আমলসার ইউনিয়ন চেয়ারম্যান বদরুল আলম হিরো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদগুলো শূন্য হয়।
উত্তর বংশীর রিটার্নিং কর্মকর্তা নাছিরুল ইসলাম জানান, এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪৬৯জন। এখানকার ১০ কেন্দ্রের সবকয়টিই পুলিশের তালিকায় ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ আটজন পুলিশ, ১৫ জন আনসার ও পুরো নির্বাচনী এলাকায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আটটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানান তিনি।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে চার প্রার্থী লড়লেও বিএনপি সমর্থিত গাজী মোস্তফা কামাল (কাপ-পিরিচ প্রতীক) ও আওয়ামী লীগ সমর্থিত খালেদ হোসেন দেওয়ানের (মোটরসাইকেল প্রতীক) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এলাকাবাসীর ধারণা।
এদিকে মাগুরার শ্রীপুর উপজেলার আলমসার ইউনিয়নে চেয়ারম্যান পদে সেবানন্দ বিশ্বাস, মোকলেছুর রহমান ও ইয়াকুব আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, এ ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ১৭ হাজার ৭৬৮ জন ভোটার ভোট দিচ্ছেন। এরমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেসব স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ।
এ্যছাড়া ভোলার সদর, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
এ চার ইউনিয়নের সদস্যদের মধ্যে তিন জন মারা যান এবং একজন পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়।
ওয়ার্ডগুলো হচ্ছে-সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের ২ নম্বর, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ও চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড।
এ চার ওয়ার্ডে সদস্য পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
