পিরোজপুরে 'বন্দুকযুদ্ধে' যুবক গুলিবিদ্ধ
পিরোজপুর সদরে শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় এক পুলিশ কনস্টেবলও আহত হন বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি আ. রাজ্জাক জানান, গুলিবিদ্ধ শহীদুল শেখ (২৪) স্থানীয় ডাকাত আশরাফ আলীর সহযোগী। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ।
এ সময় ওৎ পেতে থাকা ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা গুলি চালালে শহীদুল গুরুতর আহত হন। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ শহীদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গোলাগুলিতে আহত কনস্টেবল মেহেদী হাসানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে শহীদুলের পরিবারের দাবি, শহীদুল ঢাকার সাভারের নবীনগরে ফলের ব্যবসা করেন এবং তিনি ডাকাতদলের সঙ্গে জড়িত নন।
শহীদুলের ছোট ভাই রিয়াদুল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুল সাভারের নবীনগর থেকে সম্প্রতি জমির কাজে বাড়ি আসেন। ঘরে চা-চিনি না থাকায় খুব ভোরে বাড়ির পাশের জলিল শেখের দোকানে চিনি আনতে গেলে সাদা পোশাকের পুলিশ তাকে গুলি করে।
