৪৫ ঘণ্টা পর মাওয়ায় রো রো ফেরি চালু
প্রায় দুদিন পর মুন্সীগঞ্জের মাওয়ায় রো রো ফেরি ঘাট আবার চালু হয়েছে।
বন্ধ হওয়ার ৪৫ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পন্টুনের সাথে র্যাম স্থাপন করে ঘাটকে ফেরি চলাচলের উপযোগী করা হয়।
বিআইডব্লিউটিএর মেরিন অফিসার মো. শাহজাহান জানান, ঘাট মেরামতের পর পরই অপেক্ষমান ফেরি টাপুল মাওয়ায় যানবাহন খালাস করে। মাওয়ায় ঘাটের মেরামত নিশ্চিত হয়ে ৭টার দিকে কাওরাকান্দিতে যানবাহন তোলা শুরু করেছে রো রো ফেরি আমানত শাহ্। তবে মাওয়া প্রান্তে কোনো রো রো ফেরি না থাকায় সদ্য উপযোগী এই ঘাট থেকে টাপুল যানবাহন নিয়ে কাওড়াকান্দি ফিরে যাবে।
এদিকে প্রায় তিন দিন ধরে ঘাটের দুপাশে পণ্যবোঝাই ট্রাকসহ অন্তত পাঁচশ যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে। মাওয়া ঘাটের চৌরাস্তা থেকে ট্রাকের সারি দুই কিলোমিটার দীর্ঘ হয়ে শ্রীনগর উপজেলার দোগাছি ছাড়িয়ে গেছে। কাওড়াকান্দি ঘাটে এই সারি আরো দীর্ঘ।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক একেএম আশিকুজ্জামান চৌধুরী জানান, তিনটি ফেরিঘাটই চালু করা না গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে না। নতুন ৩ নম্বর ঘাট স্থাপনে আরো ১০/১৫ দিন লেগে যেতে পারে। তবে ২ নম্বর ঘাটকে রো রো ফেরির চলাচল উপেযোগী করে তোলায় আপাতত পরিস্থিতি সামলানো যাবে।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, “ঘাট চালু হওয়ায় তিনটি রো রো ফেরি আজ সন্ধ্যা থেকে চালু হয়েছে। তবে প্রচণ্ড স্রোতের কারণে পাঁচটি ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এসব কারণে একটু সমস্যা হচ্ছে।”
এর আগে বুধবার সকাল ৯টার দিকে মাওয়ায় পদ্মার ভাঙন পরিদর্শন করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিলীন হওয়া ঘাট চালু করা হবে। তবে ২৪ ঘন্টা না হলেও তার ঘোষণার ৩১ ঘণ্টা পর ঘাট সচল হয়।
ভাঙনে ডুবে যাওয়া ৩ নম্বর ঘাটের র্যাম্পটিকে বুধবার সন্ধ্যার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম টেনে তুলে। বৃহস্পতিবার এটি ঘাটে স্থাপন করা হয়। ভাঙ্গনের মুখে থাকা ২ নম্বর ফেরিঘাট ও এর আশপাশের এলাকায় সকাল থেকে বালুর বস্তা ফেলা হয়। মাওয়ায় প্রায় ৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে বা সরিয়ে নেয়া হয়েছে। ভাঙনের আতঙ্কে বৃহস্পতিবার আরো প্রায় ৩০-৪০টি দোকানঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানিকগঞ্জ থেকে একটি পন্টুন আনা হয়েছে। সেটা ২ নম্বর ঘাটে বসানোর কাজ চলছে। বসাতে পারলে ঘাটের চাপ কিছুটা কমবে। ”
