জাল নথি দিয়ে মৃত ভাইয়ের অর্থ আত্মসাতের দায়ে কারাদণ্ড
বড় ভাইয়ের মৃত্যুর পর জাল কাগজপত্র দিয়ে মেয়াদি আমানতের (এফডিআর) অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
কাওসার আহমেদ নামে ওই ব্যক্তির সঙ্গে তাকে সহায়তাকারী ডাক বিভাগের সাবেক দুই কর্মকর্তাকেও একই সাজা দিয়ে বৃহস্পতিবার রায় দিয়েছে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান।
দণ্ডিত এই দুজন হলেন- কক্সবাজার প্রধান ডাকঘরের সাবেক সহকারী পোস্ট মাস্টার নুরুল আবছার ও ওই ডাকঘরের সাবেক পোস্টাল লেজার অপারেটর নুর মোহাম্মদ।
এদের মধ্যে কাওসার পলাতক। অন্য দুই আসামিকে রায়ের পর আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া কাওসার আহমেদের সম্পত্তি বিক্রি করে আত্মসাৎ করা ৩০ লাখ টাকা ভাইয়ের পরিবারকে পরিশোধে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে আদালত।
কক্সবাজার সদর ডাকঘরের সাবেক পোস্টাল অপারেটর রফিকুল আমিনও এই মামলার আসামি ছিলেন। তবে দোষ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।
কাওসারের ভাই কক্সবাজার সদরের বাসিন্দা মোমিনুল আলম ২০০৭ সালে মারা যান। পরের বছর কাওসার কক্সবাজার সদর ডাকঘরে থাকা মোমিনুল আলমের এফডিআর করা ৩০ লাখ টাকা ভুয়া নমিনি ফর্ম দাখিলের মাধ্যমে তুলে নিয়ে আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০১১ সালের ২৪ মে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক খলিলুর রহমান শিকদার বাদি হয়ে মামলা করেন।
২০১২ সালের ২৭ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়ার পর ২০১৩ সালের ৪ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
