স্থগিতাদেশ: চট্টগ্রামের ঝুলে থাকা মামলার জট ছাড়ানোর উদ্যোগ
স্থগিতাদেশের কারণে আটকে থাকা চট্টগ্রামের চাঞ্চল্যকর মামলাগুলোর জট ছাড়াতে নিজেই উদ্যোগ নিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের এসব মামলার বিচার দীর্ঘদিন ধরে ঝুলে আছে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম জানান, একটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রধান বিচারপতি স্থগিতাদেশের বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি বিদেশ সফরে যাওয়ার আগে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়ে গেছেন।
‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল: চট্টগ্রামে ২৭ মামলার কার্যক্রম স্থগিত’ শিরোনামে গত ১২ অগাস্ট দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়, উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে দায়ের করা চাঞ্চল্যকর ২৭ মামলার বিচার বছরের পর বছর আটকে আছে। অথচ এই মামলাগুলো ১৩৫ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল।
এই ট্রাইব্যুনালে বর্তমানে মাত্র তিনটি মামলা চলছে।
ফাইল ছবি
শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান বিচারপতি মামলাগুলোর খোঁজখবর নিয়েছেন। উচ্চ আদালতে এ সম্পর্কিত ১০টি মামলা চূড়ান্ত শুনানির জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
“এই দশটি মামলা বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর আদালতে পাঠানো হয়েছে। সেখানে চলমান অবকাশের পর শুনানি শুরু হবে। বাকি মামলাগুলোও দ্রুত শুনানির জন্য প্রস্তুত করতে বলেছেন প্রধান বিচারপতি।”
এই জটিলতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেজিস্ট্রার বলেন, নিম্ন আদালতের বিচার বন্ধ করতে মূল মামলার আসামিরা উচ্চ আদালতে আসেন। উচ্চ আদালত মামলাটি পরীক্ষা করার প্রয়োজন মনে করলে রুল ও স্থগিতাদেশ দেয়। এরপর প্রক্রিয়াগত কাজ শেষে মামলাটির চূড়ান্ত শুনানি হবে এবং হাই কোর্টে একটি সিদ্ধান্ত আসবে। এর পর কোনোপক্ষ আপিল বিভাগে গেলে সেখানে সিদ্ধান্ত হবে।
“কিন্তু হাই কোর্টের স্থগিতাদেশ নিয়ে আসামিরা আর মামলার রুল শুনানি করতে চায় না। ফলে বছরের পর বছর মামলাগুলো ঝুলে থাকে। রুল শুনানি করলে আদেশ বিপক্ষে যেতে পারে মনে করে তারা ঝুলিয়ে রাখাকেই শ্রেয় মনে করে।”
চট্টগ্রামের ওই আলোচিত মামলাগুলোর একটি হচ্ছে হিমাদ্রী মজুমদার হত্যা মামলা, যার স্থগিতাদেশ হাই কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ইতোমধ্যে প্রত্যাহার করে নিয়েছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের দুর্নীতি মামলা, বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সীর একটি মামলা এবং ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুনুর রশীদ ও হেলাল আকবর চৌধুরীর বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে আটকে থাকা মামলার তালিকায়।
